বাংলাদেশ জাতীয় দলের ব্যাটারদের অনবদ্য সব শট, স্ট্রোক খেলার কারিকুরি শেখান তিনি। তবে, এবার মাঠ মাতাতে নিজেই মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি সারলেন বাংলাদেশের ব্যাটিং কোচ ও সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল!
কী? অবাক হচ্ছেন? কোনো দরকার নেই! ৩ অক্টোবর হতে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হয়ে খেলতেই ঘাম ঝরাচ্ছেন নাজমুল হোসেন শান্ত-তানজিদ তামিমদের ব্যাটিং গুরু।
ক্রিকেট বোদ্ধাদের মতে, দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম সুপারস্টার হলেন মোহাম্মদ আশরাফুল। বর্ণিল ক্যারিয়ারকে পেছনে ফেলে বর্তমানে দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলালেও বাংলাদেশের লিজেন্ড টিম স্কোয়াডে ঠাঁই পেয়েছেন সাদা পোশাকে দেশের কনিষ্ঠতম এই সেঞ্চুরিয়ন। তাই মিরপুরে ক্রিকেটারদের কোচিং করানোর ফাঁকে, তাঁকেও একের পর এক ক্যাচ অনুশীলন করতে দেখা গেল এবার।

লিজেন্ডস লিগের এবারের আসর বসছে দুবাই ও শারজাহতে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই রোমাঞ্চকর টুর্নামেন্টে সাবেক খেলোয়াড় হিসেবে ভক্তদের পুরোনো স্মৃতি ফিরিয়ে দিতেই নিজেকে ঝালিয়ে নিতে মনোযোগ দিয়েছেন আশরাফুল।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডের তৃতীয় আসর হচ্ছে এবার। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে এবারই প্রথম টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটাররা খেলবেন এই লিগে।
রাউন্ড রবিন পদ্ধতি ও নকআউট ফেজের সমন্বয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে টুর্নামেন্টটির ম্যাচগুলো। শারজাহতে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডের ফাইনাল।











