বাংলাদেশ নারী ক্রিকেট সাক্ষী হলো এক নজিরবিহীন ঘটনার। প্রথমবারের মতো রিটায়ার্ড আউট হলেন বাংলাদেশের কেউ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচে দলের স্বার্থে নিজেকে তুলে নিলেন শারমিন আক্তার সুপ্তা।
ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিক এমন এক সাহসী সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ দল। ইনিংসের শেষভাগে দ্রুত রান তোলার প্রয়োজন ছিল। তখন ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১২০ রান। ক্রিজে ছিলেন শারমিন । তবে তিনি বড় শট খেলতে হিমশিম খাচ্ছিলেন। ১২ বলে করেছিলেন মাত্র ১০ রান, কিন্তু প্রয়োজনীয় স্ট্রাইক রেটের সঙ্গে সেই ইনিংসের দূরত্ব ছিল অনেক।

ঠিক তখনই আসে অপ্রচলিত এক সিদ্ধান্ত। শারমিন সুপ্তা ‘রিটায়ার্ড আউট’ হয়ে মাঠ ছাড়েন। অর্থাৎ, ইনজুরি বা শারীরিক সমস্যার কারণে নয়, কৌশলগত কারণে তিনি নিজের ইনিংসের ইতি টানেন, যাতে নতুন ব্যাটার এসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন।
ক্রিকেটের আইনে এই সুযোগ থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে এমন ঘটনা প্রচলিত হয়ে ওঠেনি পুরোপুরি। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে এই ধরনের সিদ্ধান্ত আগে দেখা যায়নি। নারী ক্রিকেটে বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েকবার এমন উদাহরণ থাকলেও বাংলাদেশের জার্সিতে এটি এক নতুন অধ্যায়।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাটাও ছিল পরিষ্কার। শেষ দুই ওভারে যত বেশি সম্ভব রান যোগ করা। শারমিনের পরিবর্তে নামা রিতু মনি দ্রুত রান তোলার চেষ্টা করেন। মাত্র ৪ বলে ৮ রান করে আউট হলেও তিনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের ভূমিকা পালন করেন। এরপর স্বর্ণা আক্তারও নেমেই বাউন্ডারি হাঁকিয়ে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন। ফলে ইনিংসের শেষভাগে বাংলাদেশের স্কোরবোর্ডে কিছু অতিরিক্ত রান যোগ হয়।










