ব্যাটিং বিপর্যয়ে হারের বৃত্তেই বাংলাদেশের মেয়েরা!

হারের বৃত্ত থেকে বাংলাদেশের মেয়েরা যেন বের হতেই পারছে না। এশিয়া কাপ থেকে এশিয়ান গেমস, তারপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজের প্রথম ম্যাচ, সব জায়গায় গল্প একটাই। ব্যাটিং আর বোলিংয়ের ব্যর্থতা।

হারের বৃত্ত থেকে বাংলাদেশের মেয়েরা যেন বের হতেই পারছে না। এশিয়া কাপ থেকে এশিয়ান গেমস, তারপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজের প্রথম ম্যাচ, সব জায়গায় গল্প একটাই। ব্যাটিং আর বোলিংয়ের ব্যর্থতা। দু-একজন কিছু রান পান, বাকিরা দুই অংকে পৌঁছানোর আগেই ফিরে যান। শুক্রবার ব্রিসবেনেও এর ব্যতিক্রম হয়নি। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে প্রথম বলেই ফারজানা হককে হারায় baবাংলাদেশ। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই পড়ে যায় তিন উইকেট, রান মাত্র ৩৪। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি দল। নিগার সুলতানা ৮৬ বল খেলে করেছেন ২৯, অথচ সেই মুহুর্তে দলের দরকার ছিল দ্রুত রান করা। রিতু মনি ৪৫ রানে কিছুটা লড়েছেন, নাহিদা আক্তার অপরাজিত ছিলেন ১৯ রানে। তবু ৪৯.৪ ওভারে ১৬৬ রানেই থেমে যায় ইনিংস। অ্যানাবেল সাদারল্যান্ড ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

এর মধ্যে  ভালো খবর একটাই। অভিষেকেই নজর কেড়েছেন ১৭ বছর বয়সী পেসার হাবিবা ইসলাম। জর্জিয়া ভল আর বেথ মুনিকে ফিরিয়ে ৩৬ রানে নিয়েছেন ২ উইকেট। বাকি বোলাররাও খারাপ করেননি, সমস্যা ছিল ডিফেন্ড করার মত রান না থাকা।

অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ম্যাচটা শেষ করে দিয়েছেন একাই। ৩৫ বলে করেছেন ফিফটি, থেমেছেন ৫৭ বলে ৭৭ রানে, ১০টি চার আর একটি ছক্কায়। তিনি ফেরার পর এলিস পেরি আর সাদারল্যান্ড ২৫.৪ ওভারেই কাজ সেরে ফেলেন। ব্রিসবেনের এই মাঠে অস্ট্রেলিয়ার জয়ের রেকর্ড এখন ২২ ম্যাচে ২২ জয়।

ম্যাচ শেষে নিগার বললেন, ” নতুন বলের সামনে সতর্ক থাকতে হবে, পাওয়ারপ্লেতে এত উইকেট হারালে চলবে না। ”  কথাটা ঠিকই, কিন্তু এই কথা বাংলাদেশের ব্যাটাররা আরও অনেকবার শুনেছেন। হাবিবার মতো একটা নতুন মুখ পাওয়া ছোট্ট সান্ত্বনা, তবে বোলাররা যতই লড়ুক, ব্যাটাররা শুরুটা সামলাতে না পারলে ম্যাচ বাঁচানো যাবে না। রবিবার দ্বিতীয় ওয়ানডেতে সেই পরীক্ষাই আবার অপেক্ষা করছে।

Share via
Copy link