চিরচেনা ক্রিজ ছেড়ে এবার আদালতের প্রাঙ্গণে দাঁড়াতে হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসকে। ধর্ষণের দায়ে অভিযুক্ত হওয়ায় এরই মধ্যে কাউন্টি ক্লাব এসেক্স এই ব্যাটারকে তাৎক্ষণিক বরখাস্তের কথা জানিয়েছে সম্প্রতি।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৩০ মার্চ। লন্ডনের ব্রিকস্টনে এক নারীকে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ২৭ আগস্ট মামলা দায়েরের পর গত ২৩ জুলাই রবিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুটি অভিযোগ আনা হয়। স্পর্শকাতর এই ঘটনার কথা জানতে পেরে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব তাঁকে সব ধরনের খেলা থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে, বলে উল্লেখ করে ক্লাব কর্তৃপক্ষ।

অথচ, এর ঠিক দুদিন আগেই এসেক্সের হয়ে মাঠে নেমেছিলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। চলতি মৌসুমে মিডলসেক্সের বিরুদ্ধে ওয়ানডে কাপের ম্যাচটিই ছিল তার এ বছরের প্রথম ও একমাত্র ম্যাচ।
২০২০ সালে এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন রবিন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চোখধাঁধানো এক সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন ইংল্যান্ডে জন্মানো বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যাটার। প্রথম শ্রেণিতে এস্যাক্সের হয়ে নয় ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৩২৭ রান করেন তিনি। বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।

তবে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে মাঠের সেই সব স্মৃতি ফিকে হয়ে পড়েছে অনেকটাই। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ের এই কঠিন চড়াই-উতরাই পেরিয়ে রবিনের ক্রিকেট ক্যারিয়ার কোন দিকে মোড় নেয়।










