পাকিস্তানকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আবারও ফাইনালে

দুবাইয়ে উইমেনস এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে টান টান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে  ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৩০ রান। জবাবে শ্রীলঙ্কা লক্ষ্য পার করে ১৮.৫ ওভারে, হাতে রেখে দেয় ৪ উইকেট।

দুবাইয়ে উইমেনস এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে টান টান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে  ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৩০ রান। জবাবে শ্রীলঙ্কা লক্ষ্য পার করে ১৮.৫ ওভারে, হাতে রেখে দেয় ৪ উইকেট।

পাকিস্তানের ইনিংস শুরু থেকেই টালমাটাল  ছিল। প্রথম ওভারেই ফিরে যান মুনিবা আলি, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শাওয়াল জুলফিকার ১৬ বলে ২৪ রান করে কিছুটা গতি দেন ইনিংসে, তবে তিনিও থিতু হতে পারেননি। মাঝের ওভারগুলোয় নিয়মিত উইকেট পড়ায় পাকিস্তান একসময় ৯২ রানে ৫ উইকেট হারিয়ে বড় সংকটে পড়ে যায়।

সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক ফাতিমা সানা। তুবা হাসানকে নিয়ে শেষ ২৪ বলে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান ১৩০ পর্যন্ত। ফাতিমা একাই করেন ৩৬ বলে ৪৭ রান, যা পুরো ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ। শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোদা দুজনেই নেন ২টি করে উইকেট।

রান তাড়ায় শুরুতে ধাক্কা খায় শ্রীলঙ্কাও। প্রথম ওভারেই টানা দুই বলে ফেরেন অধিনায়ক চামারি আতাপাত্তু ও সাঞ্জানা কাভিন্দি। এরপর হাসিনি পেরেরা ও ইমেশা দুলানিও বেশিদূর যেতে পারেননি। ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

সেই চাপ সামলে দলকে টেনে তোলেন হারশিথা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি। পঞ্চম উইকেটে দুজন গড়েন ৬৭ রানের জুটি। হারশিথা ৩১ বলে করেন ৩৬ রান, কাভিশা খেলেন ৩৩ বলে ৩৩ রানের ইনিংস। দুজনকেই ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ফাতিমা সানা, শেষ পর্যন্ত তিনি নেন ৪ উইকেট।

তবে শেষ দিকে নিলাকশিকা সিলভা ও কৌশানি নুথিয়াঙ্গানার ছোট কিন্তু কার্যকর জুটি ম্যাচ বের করে নেয় শ্রীলঙ্কার পক্ষে। নিলাকশিকা অপরাজিত থাকেন ১০ বলে ১৮ রানে, কৌশানি ৪ বলে করেন অপরাজিত ১০ রান। ১৯তম ওভারে ফাতিমার নো বলে ছক্কা মেরে জয়ের পথ সহজ করে দেন কৌশানি।

২০২৪ সালের আসরে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। এবার সেই শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে উঠল তারা। অন্যদিকে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। আগামী ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link