কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুরা বারবার ঢুকছেন ইরান দুর্গে। লক্ষ্য একটাই, কাঙ্ক্ষিত গোলটা চায়, তাতে সব ধ্বংস হলে হবে। একের পর এক আক্রমণ ধেয়ে এসেছে তবে ওসবে কি ইরানি জাতিদের টলানো যায়, ওরা যে জ্বলে পুড়ে মরে ছারখার তবুও মাথা নোয়াবার নয়। ডিফেন্ডাররা বুক চিতিয়ে দাঁড়ালেন, অতিমানবীয় শক্তি ভর করল গোলরক্ষকের ঘাড়ে, তাতেই ড্র নিয়ে ফিরতে হলো বেলজিয়ামকে।
গোল হয়নি। স্কোরবোর্ডে কোনো সংখ্যা বদলায়নি। কিন্তু ৯০ মিনিট শেষে যে দলটা সবচেয়ে বেশি সম্মান কুড়িয়ে নিয়েছে, তাদের নাম ইরান।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বেলজিয়ামের হাতে। একের পর এক আক্রমণে ইরানের রক্ষণভাগকে চাপে রেখেছিল তারা। তবে ইরানি ডিফেন্ডাররা যেন পণ করেই মাঠে নেমেছিলেন, গোল হতে দেওয়া যাবে না। প্রতিটি শটের সামনে শরীর ছুড়ে দিয়েছেন, প্রতিটি আক্রমণ ঠেকিয়েছেন সর্বস্ব দিয়ে।

প্রথমার্ধেই চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন আলিরেজা বেইরানভান্দ। ফলে স্পষ্ট আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি বেলজিয়াম। অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণে কয়েকবার ভয় ধরিয়ে দেয় প্রতিপক্ষকে। হোসেইন কানানির দারুণ এক শট অসাধারণ দক্ষতায় রুখে দেন থিবো কোর্তোয়া। পরে ফ্রি-কিক থেকে বল জালে জড়িয়েছিল ইরান, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।
বিরতির পরও একই চিত্র। ৫৩ মিনিটে মেহদি তারেমির জোরালো শট ঠেকিয়ে বেলজিয়ামকে বাঁচান কোর্তোয়া। আর ৬০ মিনিটে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত উপহার দেন বেইরানভান্দ। বক্সের ভেতরে এলোমেলো পরিস্থিতিতে ম্যাক্সিম ডি কুইপারের নিশ্চিত গোলমুখী শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন তিনি।
৬৬ মিনিটে নাথান এনগয় লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় বেলজিয়াম। তবে একজন কম নিয়েও শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে গেছে ইউরোপিয়ানরা। কিন্তু এদিন ইরানের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। তবে এই এক পয়েন্ট ইরানের জন্য জয়ের সমান। কারণ বিশ্বকাপের মঞ্চে বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগকে পুরো ম্যাচে গোলশূন্য রাখা কোনো সাধারণ অর্জন নয়।










