দলের প্লে-অফের খেলার আর কোনো সম্ভাবনা নেই। এমন সময়েই একে একে জ্বলে উঠছেন লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটাররা। চেন্নাই সুপার কিংসকে মোকাবিলা করতে গিয়ে তেমনই এক রূপ দেখালেন জস ইংলিশ। কিন্তু, যোগ্য সঙ্গীর অভাবে বৃথা গেল ইংলিশের বীরত্ব।
টস জিতে বল করতে নেমে ইংলিশের তাণ্ডবের মুখোমুখি হয় চেন্নাই। অন্য প্রান্তে যদিও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিশেল মার্শ, ক্যারিবিয়ান নিকোলাস পুরান কিংবা অধিনায়ক ঋষাভ পান্ত; কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
দশ চার আর ছয় ছক্কায় ৩৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেন ইংলিশ। কিন্তু, বাকি ব্যাটাররা ব্যস্ত ছিলেন সাজঘরে ফিরে যেতে। শেষদিকে শাহবাজ আহমেদের ৪৩ রানের কার্যকরী এক ইনিংসে ভর করে লখনৌ স্কোরবোর্ডে জমা করে আট উইকেটে ২০৩ রান।

তাড়া করতে নেমে সুন্দর শুরু পায় চেন্নাই। তবে, বড় ইনিংসের আশা দেখিয়েও ফিরে যান সাঞ্জু স্যামসন। অধিনায়ক রুতুরাজের সাথে এরপর ধ্বংসাত্মক ব্যাটিং উপহার দেন তরুণ উর্ভিল প্যাটেল। আট ছক্কায় আর দুই চারে মাত্র ২৩ বলে খেলেন ৬৫ রানের ইনিংস।
রুতুরাজ ৪২ করে প্যাভিলিয়নের পথ ধরলেও জয়ের পথে বেশি কাঁটা পড়েনি চেন্নাই সুপার কিংসের। কারণ, ততক্ষণে দলের স্কোরবোর্ডে এসে গিয়েছিল যথেষ্ট পরিমাণ রান। ২০৪ রানের লক্ষ্য তাঁরা উতরে যায় দুই বল হাতে রেখেই।
আসরের শুরুটা খুব ভালো না হলেও এখন প্রত্যাবর্তন ঘটাচ্ছে চেন্নাই। লখনৌর বিরুদ্ধে পাঁচ উইকেটের জয় তাঁদের এনে দিলো টানা তিন জয়। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা সিএসকে প্লে-অফের পথে নিজেদের লড়াই অব্যাহত রাখল।











