আইপিএল ২০২৪–এ চ্যাম্পিয়ন হওয়ার পর যেন হঠাৎই পথ হারিয়ে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। ২০২৫ মৌসুমে মাত্র পাঁচ জয়ে অষ্টম স্থানে শেষ করার পর গোটা দলটাই যেন প্রশ্নবিদ্ধ হয়। তবে এবার নিশ্চয় গেল বারের সব ভুল শুধরে নিতে চাইবে । মিনি নিলামে ৬৪ কোটির পুঁজি নিয়ে মাঠে নামছে তারা। এই বিপুল অঙ্ক দিয়ে কাদের দলে ভেড়াতে পারে কলকাতা, চলুন দেখে নেওয়া যাক।
ইংল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার লুক উডের দিকে নজর রাখছে নাইটরা। গত বছর স্পেন্সার জনসনের ব্যর্থতার পর পেস আক্রমণে বড় শূন্যতা তৈরি হয়। উড সেই শূন্যতা পূরণে উপযুক্তই নয়, হতে পারেন ‘গেম-চেঞ্জার।
১৯৯ টি-টোয়েন্টিতে ২১০ উইকেট, ইকোনমি ৮.৪২, সংখ্যাই বলে তাঁর সক্ষমতা। দুই দিকেই সুইং করানো , নতুন বল কিংবা ডেথ ওভার দুটোতেই সিদ্ধহস্ত তিনি। কেকেআর তাই পেস শক্তি বাড়াতে ঝুঁকতে পারে তাঁর দিকে।

গুরবাজ-ডি কক দু’জনকেই রিলিজ করায় ওপেনার–উইকেটকিপারের জায়গা ফাঁকা। সেখানে টম ব্যান্টন হতে পারেন দুর্দান্ত পছন্দ। ১৯৩ টি-টোয়েন্টিতে ৪৭০০ এর বেশি রান, স্ট্রাইক রেট ১৪৩ স্পিন–পেস দুটোই সামলাতে পারেন সমান তালে। কেকেআরে আগেও ছিলেন তিনি, তাই আবহটাই তাঁর চেনা।
আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ার পর কেকেআরের সবচেয়ে বড় ঘাটতি অলরাউন্ডার। সেখানে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন হতে পারেন টিমের স্তম্ভ।
আইপিএলে ২৯ ম্যাচে ৭০৭ রান, সঙ্গে ১৬ উইকেট, এই দুই-মুখী অস্ত্রকে পেলে কেকেআরের ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য ফিরে আসবে। পূরণ হবে রাসেলের শূন্যতা।
ওপেনার হিসেবে কেকেআরের ভরসা হতে পারেন ডেভন কনওয়ে। গত মৌসুমে এই জায়গাটাতে বেশ ভুগতে হয়েছে নাইটদের। তাই তো কনওয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে কিছুটা হলেও মিলতে পারে সমাধান।

স্লিং-অ্যাকশন, নিখুঁত ইয়র্কার, আগুনঝরা গতির মিশেল, মাথিশা পাথিরানা আইপিএলের অন্যতম ভয়ংকর ডেথ-ওভার বোলার। ৩২ ম্যাচে ৪৭ উইকেট নেওয়া পেসারকে সিএসকে রিলিজ করেছে চোট এবং ফর্মের কারণে। কিন্তু কেকেআরের ডেথ-ওভার দুর্বলতা পাথিরানার হাত ধরেই ঘুচতে পারে।
সবমিলিয়ে ৬৪ কোটির বাজেট নিয়ে নিলামে নামছে নাইটরা, দলে বদলের হাওয়া। কিন্তু এই পাঁচ তারকা যদি দলে আসে, তবে ২০২৬ মৌসুমে আবারও ‘নতুন কেকেআর’ দেখার স্বপ্ন দেখতেই পারেন নাইট সমর্থকরা।











