মেসির জাদুতে নকআউটে আর্জেন্টিনা!

৩৮ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বা পায়ে দুরন্ত শট নেন মেসি। গোলে বল জড়িয়ে গড়েন বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড। 

আরও একবার লিওনেল মেসির জাদু দেখলো বিশ্ব, আরও একবার হাসিমুখে মাঠ ছাড়লো আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই জাদুকর, এবার অস্ট্রিয়ার বিপক্ষে পা থেকে এলো দুই গোল। মেসির রেকর্ডের রাতে রাউন্ড অব থার্টি-টুর টিকিট কাটলো আর্জেন্টিনা। 

কিক-অফের বাঁশি বাজার পর থেকেই ম্যাচ নিজেদের দিকে নেওয়ার চেষ্টা চালায় আর্জেন্টিনা। অস্ট্রিয়ার গোলকে লক্ষ্য করে আক্রমণ করতে গিয়ে ফাউলের শিকার হন লাউতারো মার্টিনেজ। পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু, লিওনেল মেসি শট নেন গোলবারের বাইরে। 

পেনাল্টি মিস হলেও আর্জেন্টিনা কোনোভাবেই হাল ছেড়ে দেয়নি। বল নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে নিজেদের এগিয়ে নিয়ে সাঁড়াশি আক্রমণে ভাঙতে চেয়েছে রক্ষণ ব্যুহ। অস্ট্রিয়াকে একসময় আত্মসমর্পণ করতে হয়। ৩৮ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বা পায়ে দুরন্ত শট নেন মেসি। গোলে বল জড়িয়ে গড়েন বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড। 

প্রথমার্ধ হোক কিংবা দ্বিতীয়ার্ধ, অস্ট্রিয়া কখনোই পুরোপুরি রক্ষণাত্মক খেলেনি। বরং, চেষ্টা চালিয়েছে সমতা ফেরানোর। কিন্তু, আর্জেন্টিনার শক্ত ডিফেন্স আর এমিলিয়ানো মার্টিনেজের গ্লাভসের কাছে পরাস্ত হতে হয়েছে বারেবারে৷ উল্টোদিকে ব্যবধান বাড়ানোর তীব্র ক্ষুধা নিয়েই খেলে গেছে আর্জেন্টিনা। 

তবে, বাহবা পাওয়ার মতো খেলেছিল অস্ট্রিয়া। প্রথম গোল হজমের পর থেকেই গোলে শট নেওয়া থেকে আটকে রাখছিলো আর্জেন্টিনাকে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে কাউন্টার অ্যাটাকে নানা নাটকীয়তার মধ্যে আবার জালে বল জড়ান মেসি। ম্যাচ শেষ হয় আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের।

আগের ম্যাচে মেসির হ্যাটট্রিকে শুভসূচনা করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার অস্ট্রিয়ার বিপক্ষেও জ্বলে উঠলেন মেসি। আরও এক জয় এলো আর্জেন্টিনার ঘরে৷ এক ম্যাচ বাকি রেখে টানা দুই জয়ে আলবিসেলেস্তেরা নিজেদের নিয়ে গেল বিশ্বকাপের নকআউট স্টেজে। 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link