৬০, ৮৪, ৫৬। টানা তিন ম্যাচেই মিচেল মার্শের ফিফটি। দক্ষিণ আফ্রিকা সিরিজে অস্ট্রেলিয়া রীতিমতো খাবি খেয়েছে। তবে এর মধ্যেও মার্শ শিরদাঁড়া শক্তই রেখেছেন। বাকিদের ব্যর্থতা ছাপিয়ে যতটা সম্ভব ধারাবাহিকতা এনেছেন ব্যাটে।
দক্ষিণ আফ্রিকা উড়ছে। প্রথম দুই ম্যাচ জিতে নিয়েই সিরিজটাও বাগিয়ে নিয়েছে। ব্যাটে-বলে সবখানেই তাদের দাপট। অস্ট্রেলিয়ার বেলায় ছিল উল্টো। ওপেনিং জুটি থেকে ভালো শুরু আসলেও মাঝের সারির ব্যাটাররা বিপাকে ফেলছেন দলকে।
তবে সব ছাপিয়ে ব্যাট হাতে মিচেল মার্শ অতিমানবীয় হয়ে উঠেছিলেন এই সিরিজে। দক্ষিণ আফ্রিকার বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে নিজের শাসন প্রতিষ্ঠা করেছেন।

শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হবে। সেই লক্ষ্যে আগে ব্যাট করতে নামা অজিদের হাল ধরেন মার্শ। আগ্রাসী মেজাজেই ব্যাট চলে, যতক্ষণ ক্রিজে ছিলেন প্রোটিয়া বোলারদের দুঃসময় উপহার দিয়েছেন। শেষটাতে ৪২ বলে ৫৬ রানের ইনিংস খেলেই সাজঘরে ফেরেন।
সিরিজে তিন ইনিংস মিলিয়ে কাটায় কাটায় ২০০ রান করেছেন। গড়ের হিসাবে সেটা ৬৬। তবে খেলাটা ওয়ানডে হলেও মার্শের ব্যাটিং দেখে মনে হবে তিনি টি-টোয়েন্টি খেলেছেন। স্ট্রাইক রেট যে ১৫২-এর উপরে।
তবে নিজের উজ্জ্বলতা ছাপিয়ে গেছে দলের ব্যর্থতা। টানা তিন ম্যাচের ফিফটি বলে দিচ্ছে কতটা চেষ্টা করেছেন দলের জন্য। আক্ষেপ তাই দুটো, তিন ম্যাচ ফিফটি পার করলেও একটা সেঞ্চুরি পেলেন না, আবার এমন পারফরম্যান্স করেও দল ব্যর্থতা এড়াতে পারেননি।

Share via:










