রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য ডিঙিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে পাকিস্তান। সাহিবজাদা ফারহান ও মায সাদাকাত এর জোড়া ফিফটি ও শেষ দিকের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই রানের চাকা সচল রাখে পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। ২১ রানে ফখর ফিরে গেলেও মায সাদাকাতকে নিয়ে জয়ে বন্দরে এগোতে থাকেন ফারহান।
দলীয় স্কোরে শক্ত ভিত গড়ে তোলার পাশাপাশি দুজনই তুলে নেন নিজ নিজ অর্ধশতক। অধিনায়ক সাহিবজাদা ফারহান ৫২ বলে ৮৯ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস উপহার দেন, যেখানে ছিল দশটি চার ও চারটি ছক্কা। অন্যদিকে ২৯ বলে ৫০ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন মায সাদাকাত।

মাঝের ওভারে শ্রীলঙ্কান বোলাররা দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। তবে অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত কোনো বড় নাটকীয়তা ছাড়াই চার উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্বাগতিক দল। শ্রীলঙ্কার পক্ষে মহেশ থিকসানা দুটি উইকেট শিকার করেন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায়। লঙ্কানদের বড় পুঁজি এনে দেওয়ার মূল কারিগর ছিলেন ওপেনার লাহিরু উদারা। অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে পাকিস্তানের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে ৫৫ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কার সমাহার। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে থামলেও দলকে এনে দেন লড়াই করার মতো রান।
তবে লাহিরু উদারার এই একক বীরত্ব আর একার লড়াই শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে বাঁচাতে পারেনি। পাকিস্তানের শক্তিশালী টপ অর্ডার ব্যাটারদের দারুণ তাণ্ডবের সামনে চাপা পড়ে গেছে তাঁর বিধ্বংসী ৯১ রান। লঙ্কান ওপেনারের একক প্রচেষ্টা বৃথা দিয়ে মাঠের দাপুটে জয়েই সিরিজে শুভসূচনা করলো পাকিস্তান।












