বাংলাদেশের পরিকল্পনা ভেস্তে দিলেন রেনশো!

ডেভিড ৪৫ রানে আউট হলে ভাঙে দুজনের ৯৭ রানের জুটি। আর, তখন থেকেই ব্যাট চালানোর গিয়ার বদলে অ্যাটাকিং মুডে চলে যান রেনশো।

পাওয়ারপ্লের মধ্যে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ভেবেছিল অস্ট্রেলিয়াকে অল্প রানে আটকে ফেলবে। কিন্তু, সেই পরিকল্পনা পুরোটাই লণ্ডভণ্ড করে দিলেন ম্যাট রেনশো। ৮৯ রানের বিধ্বংসী ইনিংসে স্বাগতিকদের বোলিং ইউনিট নিয়ে ছেলেখেলা করলেন যেন।

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেও মাত্র ১৮ রান এসেছিল রেনশোর ব্যাট থেকে। তবে, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নিজের প্রতিভার চিহ্ন দেখালেন এই বাঁহাতি। অজিরা পরপর দুই উইকেট হারালে রেনশো ক্রিজে আসেন চতুর্থ ওভারে।

অল্প সময় পরেই অধিনায়ক মিচেল মার্শ ফিরে গেলে, টিম ডেভিডের সাথে মিলে রানের চাকা সচল রাখেন এই ব্যাটার। ডেভিডকে আক্রমণ করার সুযোগ করে দিতে নিজে নেন অ্যাঙ্করের রোল। সিঙ্গেল বের করার পাশাপাশি বাজে বলে সজোরে হাঁকিয়ে স্কোরবোর্ডে সফরকারীদের এনে দিতে থাকেন ভদ্রস্থ সংগ্রহ।

ডেভিড ৪৫ রানে আউট হলে ভাঙে দুজনের ৯৭ রানের জুটি। আর, তখন থেকেই ব্যাট চালানোর গিয়ার বদলে অ্যাটাকিং মুডে চলে যান রেনশো। রিশাদ হোসেনের এক ওভারে টানা তিন ছয় হাঁকিয়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।

নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানদের বুদ্ধিদৃপ্ত বোলিংয়ের সামনে পড়লেও উইকেট হারাননি। বরং, একেবারে শেষ পর্যন্ত খেলে গেছেন নিজের কাঁধে দলের দায়িত্ব নিয়ে। নিয়মিত বিরতিতে বাউন্ডারি এনে দেওয়া ইনিংসে খেলেন ৫২ বল। চারটি চার আর পাঁচ ছক্কায় আনেন ৮৯ রান।

টপ-অর্ডারের তিন ব্যাটারের কেউ বড় কোনো ইনিংস খেলতে না পারলেও অস্ট্রেলিয়াকে ভুগতে হয়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেনশোর সবচেয়ে বড় ইনিংসের কল্যাণে মার্শের দল পেয়েছে ১৯৬ রানের বড় সংগ্রহ।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link