একচেটিয়া আধিপত্য দেখাল সুইডেন!

আক্রমণ, বল দখল, সুযোগ তৈরি কিংবা প্রতিপক্ষকে চাপে রাখা, সব বিভাগেই উত্তর আফ্রিকার দলটিকে ছাপিয়ে গেছে স্ক্যান্ডিনেভিয়ানরা।

তিউনিসিয়ার বিপক্ষে শুরুর বাঁশি থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল সুইডেনের একচেটিয়া আধিপত্য। আক্রমণ, বল দখল, সুযোগ তৈরি কিংবা প্রতিপক্ষকে চাপে রাখা, সব বিভাগেই উত্তর আফ্রিকার দলটিকে ছাপিয়ে গেছে স্ক্যান্ডিনেভিয়ানরা। সেই আধিপত্যের প্রতিফলনও মিলেছে স্কোরলাইনে। বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইডেন।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নেন ২২ বছর বয়সী মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। তার দুর্দান্ত গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় সুইডেন।

গোল খাওয়ার পর তিউনিসিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও সুইডিশদের সংগঠিত আক্রমণের সামনে বারবার অসহায় দেখিয়েছে তাদের রক্ষণভাগকে। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার ইসাক। প্রতিপক্ষের ডিফেন্সের ফাঁক গলে সুযোগ কাজে লাগিয়ে সুইডেনকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই তারকা ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ দিকে কিছুটা স্বস্তি পায় তিউনিসিয়া। ৪৩তম মিনিটে হানিবাল মেজব্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ওমর রেকিক। তার গোলে বিরতির আগে ম্যাচে ফেরার ক্ষীণ আশা জাগে আফ্রিকার প্রতিনিধিদের মধ্যে।

তবে দ্বিতীয়ার্ধে সেই আশার প্রদীপ দ্রুতই নিভিয়ে দেয় সুইডেন। বিরতির পর আরও বেশি আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে তারা। ৫৯তম মিনিটে তিউনিসিয়ার ভয়াবহ এক ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন ভিক্টর ইয়োকেরেসে।

তিন গোলে এগিয়ে যাওয়ার পরও থামেনি সুইডেন। বরং প্রতিপক্ষকে আরও চাপে রেখে আক্রমণ চালিয়ে যেতে থাকে। ৮৪তম মিনিটে বদলি হিসেবে নামা মাটিয়াস সভানবার্গ গোল করে ব্যবধান ৪-১ করেন। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল করা হলেও পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করা হয় এবং গোলটি বৈধ ঘোষণা করা হয়। শেষ গোলটা করেন ইয়াসিন আয়ারি। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে সুইডেনের বড় জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার।

সব মিলিয়ে এটি ছিল সুইডেনের শক্তিমত্তার এক দুর্দান্ত প্রদর্শনী। পুরো ম্যাচজুড়ে তিউনিসিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে তারা। আয়ারির জোড়া গোলের সঙ্গে ইসাক, ইয়োকেরেস ও সভানবার্গের গোল, সব মিলিয়ে বিশ্বকাপ মঞ্চে নিজেদের শক্ত বার্তা ছুড়ে দিয়েছে সুইডিশরা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link