রাজা বনাম যুবরাজের মহাযুদ্ধ!

রাজা নাকি যুবরাজ—মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের ৯০ মিনিটে মিলবে সেই উত্তর। একদিকে ৩৯ বছর বয়সেও বিশ্বকে মুগ্ধ করে চলা লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের নতুন বিস্ময় লামিন ইয়ামাল। তবে এই ম্যাচ শুধু দুই প্রজন্মের নয়, দুই ফুটবল দর্শনেরও লড়াই।

রাজা নাকি যুবরাজ—মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের ৯০ মিনিটে মিলবে সেই উত্তর। একদিকে ৩৯ বছর বয়সেও বিশ্বকে মুগ্ধ করে চলা লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের নতুন বিস্ময় লামিন ইয়ামাল। তবে এই ম্যাচ শুধু দুই প্রজন্মের নয়, দুই ফুটবল দর্শনেরও লড়াই।

লুইস দে লা ফুয়েন্তের স্পেন টানা ছয় জয় নিয়ে ফাইনালে উঠেছে। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করা দলটি সেমিফাইনালে ফ্রান্সের আক্রমণভাগকেও প্রায় নিষ্ক্রিয় করে দিয়েছে। ফাইনালেও গোলবারের নিচে থাকবেন উনাই সিমন। রক্ষণে পেদ্রো পোরো, পাও কুবারসি, আইমেরিক লাপোর্ত ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে রদ্রি ও ফাবিয়ান রুইসের সঙ্গে থাকবেন দানি ওলমো। দুই প্রান্তে লামিন ইয়ামাল ও আলেক্স বাইনা, আর আক্রমণের নেতৃত্ব দেবেন পাঁচ গোল করা মিকেল ওয়ারজাবাল। পোরো ও ইয়ামালকে নিয়ে সামান্য শঙ্কা থাকলেও স্প্যানিশ শিবির দুজনকেই ফাইনালের জন্য প্রস্তুত বলেই মনে করছে।

অন্যদিকে আর্জেন্টিনা আবারও দেখিয়েছে, শেষ বাঁশি না বাজা পর্যন্ত তাদের বিপক্ষে কিছুই নিশ্চিত নয়। গোলবারের নিচে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ট্যাগলিয়াফিকো। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্দ্রো পারেদেসের দায়িত্ব থাকবে স্পেনের দখলের ফুটবল ভাঙার। সামনে জুলিয়ান আলভারেজের সঙ্গে থাকবেন লিওনেল মেসি।

তবে সবচেয়ে বড় কৌতূহল স্কালোনির একাদশ নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে তিনি চমক দেখিয়ে সিমিওনেকে শুরু থেকেই নামিয়েছিলেন, আর ডি পলকে রেখেছিলেন বেঞ্চে। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় ডি পল ও লাউতারো মার্টিনেজ বদলি হিসেবে মাঠে নামার পর। ডি পল মাঝমাঠে আর্জেন্টিনার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন, আর লাউতারো করেন জয়সূচক গোল। তাই ফাইনালের আগে সবচেয়ে বড় প্রশ্ন, স্কালোনি কি আবারও একই পরিকল্পনায় নামবেন, নাকি স্পেনের শক্তিশালী মাঝমাঠের কথা ভেবে শুরু থেকেই ডি পলকে একাদশে ফিরিয়ে আনবেন? লাউতারোও গোল পেয়েছেন, কিন্তু জুলিয়ান আলভারেজের পরিশ্রম ও প্রেসিংয়ের কারণে বেশিরভাগ পূর্বাভাস বলছে, স্কালোনি সম্ভবত আগের মতোই লাউতারোকে ম্যাচের দ্বিতীয়ার্ধের বড় অস্ত্র হিসেবেই ব্যবহার করবেন।

নিয়ন্ত্রণের ফুটবল জিতবে, নাকি শেষ মুহূর্তে ম্যাচ ছিনিয়ে নেওয়ার আর্জেন্টাইন মানসিকতা—সেই উত্তরই লিখবে বিশ্বকাপ ফাইনালের ইতিহাস।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link