রোদ-ঝলসানো কোপাকাবানার সৈকত থেকে ইউরোপের সবুজ গালিচা, ব্রাজিলিয়ান ফুটবল মানেই শৈল্পিক ফুটবলের জন্য প্রতীক্ষা। হেক্সা জয়ের সেই চিরচেনা স্বপ্নকে বুকে নিয়ে লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তি যখনই বিশ্বকাপের মাঠে নামবে, বাতাসে শোনা যাবে সাম্বার সুর। গোলপোস্টের নিচে অ্যালিসন বেকারদের বিশ্বস্ত হাত থেকে শুরু করে আক্রমণে নেইমার জুনিয়রের অনবদ্য ড্রিবলিং, এরা ছাড়াও ব্রাজিলের বিশ্বকাপ একাদশে আর কারা থাকতে পারেন সেই প্রশ্ন জাগছে অনেকের মনে। আমাদের আজকের আয়োজনে দেখুন ব্রাজিলের সেই সম্ভ্যাব্য এগারোজনকে।
গোলপোস্টের নিচে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে অ্যালিসন-এডারসনকে। তবে অভিজ্ঞতার পাল্লায় লিভারপুলের অ্যালিসনই হয়তো গ্লাভস হাতে প্রথমে মাঠে নামবেন। এডারসনের নিখুঁত পাসিং ক্ষমতা থাকলেও, গোললাইনের ওপর অ্যালিসনের অতিমানবীয় রিফ্লেক্স তাঁকে বানাবে কার্লো আনচেলত্তির প্রথম পছন্দ।
রক্ষণভাগে দুই পাশে অভিজ্ঞ দানিলোর সাথে দেখা যেতে পারে তরুণ ওয়েসলিকে। তবে আসল রোমাঞ্চ সেন্ট্রাল ডিফেন্সে। গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং মার্কিনিওস জুটি হতে পারে ব্রাজিলের ডিফেন্সের মূল স্তম্ভ। আর্সেনালের হয়ে গ্যাব্রিয়েলের ফর্ম আর প্যারিস সেইন্ট জার্মেইর অধিনায়ক মার্কিনিওস ঠান্ডা মাথার নেতৃত্ব রক্ষণকে করবে দুর্ভেদ্য। ফলে ব্রেমার কিংবা লিও পেরেরাকে অপেক্ষা করতে হবে ডাগআউটে, ম্যাচের পরিস্থিতি বুঝে মাঠে নামার জন্য।

ব্রাজিলের মাঝমাঠ যেন এক সুরম্য যুদ্ধক্ষেত্র। এখানে অভিজ্ঞতার প্রতীক ক্যাসেমিরো খেলবেন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে, যিনি প্রতিপক্ষের আক্রমণ একাই গুঁড়িয়ে দিতে পারেন। তাঁর সঙ্গী হিসেবে থাকবেন নিউক্যাসলের নিউক্লিয়াস ব্রুনো গুইমারেস, যার পায়ে রয়েছে নিখুঁত পাসের জাদু। লুকাস পাকেতা খেলবেন একটু ওপরের দিকে, আক্রমণভাগের রসদ জোগাতে। ফাবিনহো কিংবা দানিলোর (মিডফিল্ডার) মতো তারকারা এখানে সাবস্টিটিউট হিসেবে শক্তি বাড়াবেন।
আক্রমণভাগে যখন নেইমার জুনিয়র থাকেন, তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘুম হারাম হওয়াটাই স্বাভাবিক। বাঁ-প্রান্তে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং ডানপ্রান্তে রাফিনহার চতুর ড্রিবলিং ডিফেন্সের বুক কাঁপিয়ে দেবে। আর ‘নাম্বার নাইন’ পজিশনে নেইমারকে ক্ষুরধার ফুটবলীয় মস্তিস্ক দিয়ে প্রতিপক্ষের বক্সে আতঙ্ক ছড়াতে দেখা যেতে পারে।
এই একাদশের সবচেয়ে সুন্দর দিক হলো এর সাইডবেঞ্চ। মূল একাদশে জায়গা না পেলেও গ্যাব্রিয়েল মার্টিনেলি কিংবা তরুণ বিস্ময় এনড্রিক যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ম্যাথুস কুনহা কিংবা লুইজ হেনরিকের মতো ফুটবলাররা যখন দ্বিতীয়ার্ধে মাঠের সবুজ ঘাস মাড়াবেন, ক্লান্ত প্রতিপক্ষের জন্য তখন টিকে থাকাটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, ওয়েসলি, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র এবং নেইমার জুনিয়র










