১৭ বছর অপেক্ষার পর তাসকিন

বাংলাদেশের পেসারদের গল্পে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক আসেনি। তাসকিন কি ছুঁতে পারবেন অধরা ১০০ উইকেটের মাইলফলক? বয়স তাঁর এখন ৩১। মাইলফলক ছোঁয়া কঠিন, তবে অসম্ভব নয়।

১৭ বছর অপেক্ষার অবসান হল। টেস্ট ক্রিকেটে এক পেসারের ৫০ উইকেটে পৌঁছানোর অপেক্ষা অবশেষে শেষ হল বাংলাদেশের। তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে উইকেটের হাফ সেঞ্চুরি করলেন তাসকিন আহমেদ।

আগের দিন তাসকিনকে দেখে মনে হচ্ছিল, পুরোপুরি ফিট নন। রানআপে ক্লান্তি ছিল, গতি ছিল নিস্তেজ, শরীর যেন কোনোমতে টেনে নিচ্ছেন। ধারহীন এক স্পেল করেন। কিন্তু, পরদিন সকালে সেই মানুষটাই বদলে গেলেন। টানা ৭ ওভারের স্পেল। আগুনঝরা গতি ছিল না, ব্যাটসম্যানকে ভয় পাইয়ে দেওয়ার মতো বাউন্সও না। কিন্তু ছিল পরিকল্পনা, ধৈর্য আর অভিজ্ঞতা। জোড়া উইকেট পেয়েছেন, নো-বলের ভাগ্য পাশে থাকলে পেতে পারতেন আরও একটি।

২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা আর শাহাদাত হোসেন—দুজনই ছুঁয়েছিলেন মাইলফলকটা। এরপর লম্বা বিরতি। সময় বদলেছে, অধিনায়ক বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু বাংলাদেশের পেস আক্রমণে ৫০ উইকেটের সেই সংখ্যা আর কেউ স্পর্শ করতে পারেননি।

অবশেষে এলেন তাসকিন আহমেদ। টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট—বিশ্ব ক্রিকেটের হিসেবে হয়তো খুব বড় কিছু নয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটি এখনও এক ধরনের স্বীকৃতি। কারণ এই দেশের ক্রিকেট ইতিহাসে ২৬ বছরে মাত্র তিনজন পেসার সেখানে পৌঁছেছেন।

মাইলফলকে পৌঁছাতে মাশরাফির লেগেছিল ১৯ টেস্ট। শাহাদাতের ২১ টি টেস্ট। আর তাসকিন পৌঁছে গেলেন ১৮ টেস্টেই। মাশরাফির ক্যারিয়ার থেমেছে ৭৮ উইকেটে। শাহাদাতের ৭২-এ। বাংলাদেশের পেসারদের গল্পে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক আসেনি। তাসকিন কি ছুঁতে পারবেন অধরা ১০০ উইকেটের মাইলফলক? বয়স তাঁর এখন ৩১। মাইলফলক ছোঁয়া কঠিন, তবে অসম্ভব নয়।

Share via
Copy link