ঠিক যেন নামের মতই গম্ভীর, অনেকে তো তাকে আবার ভাবে দাম্ভিক। কিন্তু গৌতম গম্ভীর যে রীতিমত এক দৃঢ়চেতা চরিত্র। ক্রিকেট ময়দানে তিনি জিততে চান যেকোন মূল্যে। কখনো তিনি পারেন, কখনো হয়ত তিনি পারেন না। কিন্তু হাল ছাড়ার মানসিকতা তার মধ্যে নেই এক ছটাক। প্রতিটা মুহূর্তে উন্নতির সবক দিয়ে যান।
ভারতের হেডকোচ হিসেবে বৈশ্বিক কোন শিরোপা জেতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন গৌতম গম্ভীর। তার দল একটানা চারটা ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। তবুও তার কণ্ঠে নেই কোন তৃপ্তির শব্দগুচ্ছ। তিনি বরং এখনও সুচ ফোটানোর মত করে বলে যান, এখনও ‘পারফেক্ট ম্যাচ’ খেলতে পারেনি ভারত।
দু’টো বিশ্বকাপ জিতেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপাও জিতেছেন দুইবার। শিরোপা জেতার একটা নেশায় পেয়ে বসেছে তাকে। মেন্টর হিসেবেও তাই আইপিএলের শিরোপায় রেখেছিলেন হাত। এবার ভারতের প্রধান কোচ হয়ে বৈশ্বিক কোন শিরোপায় তিনি হাত রাখতে চান। তাইতো গোটা দলকে দিয়ে যাচ্ছে আরও উন্নতি করবার তাড়না।

তিনি বলেন, ‘দেখুন আপনি আন্তর্জাতিক খেলাধুলায় প্রতিনিয়ত উন্নতি করতে চাইবেন। আপনি বলতে পারেন না যে সবগুলো খালি বক্সে আপনি টিক দিয়েছেন। সবসময় উন্নতির জায়গা থাকে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং যেকোন কিছু ভাল করবার প্রয়োজন থাকে। আমরা এখনও পর্যন্ত আমাদের নিখুঁত ম্যাচটা খেলতে পারিনি। আসা করি আমাদের বাকি থাকা ম্যাচটায় আমরা খুঁতহীন একটা ম্যাচ খেলতে পারব।’
স্বল্পতেই সন্তুষ্ট হন না গৌতম গম্ভীর। তিনি একটা ক্রিকেটীয় সংস্কৃতির প্রচার ঘটাতে চান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কখনোই সন্তুষ্ট হবো না। আমরা প্রতি মুহূর্তে উন্নতি করতে চাই, আমরা নম্র থাকতে চাই। ক্রিকেট ময়দানে আমরা নিষ্ঠুর হতে চাই কিন্তু মাঠে ভাইরে আমরা নম্র থাকতে চাই। এই ধরণের পরিবেশ ও সংস্কৃতি আমরা আমাদের ড্রেসিং রুমে তৈরি করতে চাই।’
এই যে তীব্র তাড়নার কারণেই গৌতম গম্ভীর এক ভিন্ন চরিত্র। সবগুলো ম্যাচ জিতে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল রাহুল দ্রাবিড়ের ভারত। এবারও সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত, কিন্তু ডাগআউটের মাস্টার মাইন্ড বদলেছে। ২০২৩ এর শিরোপা বঞ্চিত হওয়ার ভাগ্যেও কি আসবে বদল? দৃঢ়চেতা গৌতমের হবে কি জয়? সময়ের কাছে এসব প্রশ্নের উত্তর।












