দূর্গম জীবনের অনুপ্রেরণায় আকাশ ছোঁয়ার স্বপ্ন খই খইয়ের

গল্পটা খই খই মারমার। পাহাড়ের মাঝে ছোট্ট এক মারমা পাড়া। রাঙামাটির দূর্গম এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সেখানকার এক ছোট্ট মেয়ে খই খই। পাহাড় চূড়ায় বসে, আকাশকে আরও খানিকটা দূরে মনে হয়। খই খইয়ের স্বপ্নভরা নয়নে আকাশ ছোঁয়ার বাসনা বুনন করেছে। সংগ্রামের জীবনকে পেছনে ফেলে তিনি ঠিকই একদিন উড়েছেন পাখা মেলে। দিগন্তের শেষভাগে গিয়ে থামবেন বলেই নিয়েছেন ব্রত।

খই খই মারমা ১৮ বছর বয়সী এক তরুণী। ইতোমধ্যেই বাংলাদেশের লাল-সবুজ পতাকার জন্যে তিনি বয়ে নিয়ে এসেছেন গৌরবময় সাফল্য। যা আগে কখনো ঘটেনি, তেমন এক ইতিহাস গড়ার সম্মুখ সারির কারিগর খই খই। টেবিল টেনিসের নীলাভ ভুবনে তিনি জ্বেলেছেন রুপালির আলোর উজ্জ্বল আভা।

রাঙামাটির রাজস্থালী উপজেলার খই খই টেবিল টেনিসে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশকে। ইসলামিক সলিডারি গেমসে তার ও জাভেদ আহমেদের অবদানে প্রথমবারের মত টেবিল টেনিসে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। এর আগে কখনোই দক্ষিণ এশিয়ার বাইরে টেবিল টেনিসে পদক জেতেনি বাংলাদেশ।

দূর্গম পাহাড়ের সংগ্রামী জীবনের মাঝে থেকেও খই খই একদিন লাল-সবুজের প্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেছিলেন। খুব ছোট থেকেই টেবিল টেনিসের ছোট্ট দুনিয়াতে শুরু হয় তার পদচারণা। ২০১৫ সালে পার্শ্ববর্তী জেলা বান্দরবানের কোয়ান্টাম স্কুলে ভর্তি করানো হয় তাকে। কৃষক পরিবারের অভাবের সংসার, অবৈতনিক বলে দূরবর্তী কোয়ান্টাম স্কুলে যাওয়া তার।

সেখান থেকেই এক একটি ধাপ পার করে উঠে এসেছেন তিনি, ঠিক যেমন করে উঠতে হয় পাহাড় চূড়ায়। জীবন তো তাকে দিয়েছে সেই শিক্ষাই।  জাতীয় চ্যাম্পিয়ন এখনও হতে পারেননি তিনি। কিন্তু ঠিকই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ইতিহাস গড়ার সঙ্গী হয়েছেন আদিবাসি এই তরুণী। খেলাধুলার সাথে যোজন যোজন দূরত্ব তার পরিবারের। তবুও মজার ছলে টেবিল টেনিসের ব্যাট হাতে তুলে নেওয়া। এরপরই যেন এই খেলার প্রেমে মজে যাওয়া।

দ্রুততম সময়ের মধ্যে তিনি টেবিল টেনিসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবার সুযোগ পেয়ে যান। এ যেন রীতিমত এক সিনেমার চিত্রনাট্য। কিন্তু খই খই মারমার সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি। দরিদ্র পরিবার থেকে উঠে আসা খই খই ভাগ্য বদলাতে চান তার পরিবারের। নানামুখী আর্থিক সহয়তা ইতোমধ্যেই পেতে শুরু করেছেন তিনি। কিন্তু খই খই অর্জনের আনন্দের পাখা মেলে উড়ে বেড়াতেন চান স্বাধীনচেতা পাখি হয়ে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link