বাংলাদেশকে বাদ দেওয়া সহজ হবে না!

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিসিবির সাথে যে কঠোর হওয়ার কোনো সুযোগ নেই এখানে। বরং সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শনেই মিলতে পারে সমাধান।

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এটা এখন আর নিছক নিরাপত্তা শঙ্কার মধ্যে সীমাবদ্ধ নেই। দুই দফায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেইল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে (আইসিসি)। যা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো কিছু না। তাই তো কপালে চিন্তার ভাঁজ পড়ছে আইসিসি চেয়ারম্যান জয় শাহর কপালে। দুই পক্ষই এবার সরাসরি বসবে আলোচনার টেবিলে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিসিবির সাথে যে কঠোর হওয়ার কোনো সুযোগ নেই এখানে। বরং সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শনেই মিলতে পারে সমাধান।

আইসিসিকে দেওয়া প্রথমবারের চিঠিতে বাংলাদেশের স্পষ্ট বার্তা ছিল, তারা ভারতে যাবে না। আইসিসি তা উপেক্ষা করতে পারেনি সহজে। ফিরতি বার্তায় জানতে চায় আরও বিস্তারিতভাবে। এরপরই বিসিবির পক্ষ থেকে যায় মোক্ষম চালটা। একেবারে প্রমাণাদি সমেত জানানো হয় কেন ভারত নিরাপদ নয়। সাথে যোগ করা হয় এটা এখন জাতীয় মর্যাদার পর্যায়ে চলে গিয়েছে। যার উত্তর আর আসেনি আইসিসি থেকে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ এখন আর শুধু ‘নিরাপত্তার আশ্বাস’ চাইছে না। বিসিবির দাবি, ভারতে খেলতে হলে খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তাসহ পুরো বিশ্বকাপ বহরের জন্য ‘ম্যান-টু-ম্যান’ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রত্যেক সদস্যের জন্য আলাদা ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। বিসিবির বার্তাটা পরিষ্কার, এটা কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, সম্মানেরও প্রশ্ন।

মূল চ্যালেঞ্জ, বিসিবির সঙ্গে সরাসরি আলোচনায় বসে এমন একটি সমাধান তৈরি করা, যাতে বাংলাদেশ চাপের মুখে নয়, বরং নিজেদের সিদ্ধান্ত বলে বিষয়টি উপস্থাপন করতে পারে। পরিষ্কার নিরাপত্তা আশ্বাস, স্বচ্ছ যোগাযোগ কিংবা ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সীমিত নমনীয়তা, সবকিছুই আলোচনার টেবিলে থাকতে পারে।

শুধু তাই নয়, বাংলাদেশকে বাদ দেওয়ার সুযোগ এখানে নেই। কেননা নিজেদের যোগ্যতায় তারা এখানে এসেছে। ফলে সরাসরি বাদ দিলে আইনি জটিলতার সামনে পড়তে হতে পারে আইসিসিকে। ভবিষ্যতে ক্রিকেটের জন্য যা ভালো বার্তা বয়ে আনবে না। এখন দেখার বিষয়, জল কোনদিকে গড়ায়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link