বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের শাসন করলেন আয়েশা জাফর। আগ্রাসী ব্যাটিংয়ে পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দিলেন। লঙ্কান বোলাররা স্রেফ অসহায় তাকিয়ে দেখল আয়েশার দাপুটে ব্যাটিং।
কোয়ার্টার ফাইনাল খেলার দরকার পড়েনি পাকিস্তানের। একেবারে সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি শ্রীলঙ্কা। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সেমিফাইনালেই পাকিস্তানের যাত্রা থামিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। সেই ক্ষত এখনও উপশম হয়নি। তাই তো ক্ষত সারানোর দায়িত্ব নিলেন আয়েশা।

চার নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন। তখনও ম্যাচটা শ্রীলঙ্কার হাতেই। তবে আয়েশা এক লহমায় দৃশ্যপট বদলে দিলেন। ঝড়ের বেগে এসে লঙ্কানদের সাজানো ঘর লণ্ডভণ্ড করে দিলেন। আয়েশা যখন ক্রিজে এলেন দলের রান ৩৫ রানে দুই উইকেট। রানটা কিছুটা থমকে আছে তখনও। এরপরই আয়েশা ব্যাট জাদুকাঠির মতো গতি বাড়িয়ে দিলেন। একের পর এক দুর্দান্ত শটে বলকে পাঠালেন সীমানার বাইরে।
এশিয়া কাপে নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেননি তিনি। দলও ডুবেছে। তবে এশিয়ান গেমসের মঞ্চে অপারগতার চাদর সরিয়ে দিলেন। মাত্র ২৭ বলেই ফিফটি হাঁকান। শেষপর্যন্ত নয় চার আর দুই ছক্কায় সাজানো ইনিংসের যবনিকা পতন ঘটে রানআউটে কাটা পড়ে। মাত্র ৪০ বলে ৭১ রানের অসামান্য ইনিংস খেলে তবেই ফেরেন সাজঘরে। ১৭৭ স্ট্রাইক রেটই বলে দেয় কতটা আগ্রাসী ছিলেন তিনি। আয়েশার এই ইনিংসের সুবাদেই পাকিস্তান তোলে ১৭৭ রানের বিশাল সংগ্রহ।











