কোনকিছুতেই সমাধান খুঁজে পাচ্ছে না রংপুর রাইডার্স। টানা তিন হারে একেবারে বিপর্যস্ত অবস্থায় দলটি। সিলেট টাইটান্স অনেকটা হেসে খেলেই হারাল শক্তিশালী নামধারি রংপুরকে। জয়ের ব্যবধানটা ছয় উইকেট হাতে রেখে।
টস হেরেই ব্যাটিং আসে রংপুর। তবে বিপদে পড়তে হয় শুরুতেই। কাইল মায়ার্স রানের খাতা খুলতে পারেননি এদিনও। তাওহীদ হৃদয়কেও ফিরে যেতে হয় দলীয় ছয় রানের মাথায়। লিটন দাস আশা দেখান, খুশদিল শাহও চেষ্টা চালান। তবে সেটা খুব অল্প সময়ের জন্যই।

শহিদুল ইসলাম, নাসুম আহমেদদের বোলিং পুরো টালমাটাল করে দিয়েছে রংপুরের ব্যাটিং অর্ডার। তবে বিপর্যয় চূড়ান্ত ধাপ ৯০ রানের ঘরে গিয়ে। ওখানেই চার উইকেট হারিয়ে বসে তারা। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ চেষ্টা চালান স্কোরটাকে একটু বড় করার। তবে ২৯ রানেই থামতে হয় তাঁকে। রংপুরের গল্পটাও শেষ হয় মাত্র ১১৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী হয়ে উঠল সিলেটের দুই ওপেনার। ৫৪ রানের জুটি গড়ে ওঠে পারভেজ হোসেন ইমন এবং তৌফিক খান তুষারের মধ্যে। ওখানেই শেষ হয়ে যায় রংপুরের সামান্যতম সম্ভাবনাটা।

বাকীটা সময় ইমন আরিফুলদের কাঁধে চেপে অনায়াসে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় সিলেটের রণতরী। ইমনের ফিফটিতে ভর করেই অনায়াসে ১১৫ রানের লক্ষ্যমাত্রা পার করে ফেলে সিলেট। জয়ের সুবাদে দশ পয়েন্ট বাগিয়ে নিয়ে সিলেটের অবস্থান এখন পয়েন্ট টেবিলের দুইয়ে। তবে রংপুর যেন টানা তিন হারে একেবারেই দিশেহারা হয়ে পড়েছে। শক্তি অনুযায়ী যে পারফর্ম করতে পারছে না তারা।











