রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে কখনো দৌড়াননি। তার উপর এর আগে ২০ ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা কেবল একদিনের। চাপ থাকার কথা ছিল। কিন্তু, অভিষেকের চাপকে একবারে বুড়ো আঙুল দেখিয়ে এমন বোলিং করলেন প্রফুল হিঙ্গে, যার রেশ মনে রয়ে যাবে বহুকাল।
উড়ন্ত ফর্মে থাকা বৈভব সুরিয়াভানশির বিরুদ্ধে বল ছোড়া সহজ নয়। ১৫ বছরের এই কিশোর জাসপ্রিত বুমরাহর মতো বোলারকে প্রথমবার খেলতে গিয়েই বাউন্ডারি ছাড়া করেছিলেন। কিন্তু, এই কিশোরকে গোণায় ধরলেন না আইপিএলের মঞ্চে অভিষিক্ত প্রফুল। ফেরালেন নিজের দ্বিতীয় বলেই।
রাজস্থানের ব্যাটিংয়ের আরেক স্তম্ভ ধ্রুব জুরেলকেও বোল্ড করে ফেরালেন এর পরের বলে। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করার মতো অবস্থার জন্ম দেন। যদিও সেটা আর করা হয়ে ওঠেনি।

এক ওভারে দুই উইকেট, এটাই বা কম কী। কিন্তু, প্রফুলের কাছে যেন কম বলেই বোধ হলো। তাই তো, শেষ বলেই লুহান ড্রে প্রেটোরিয়াসকে ফিরিয়ে পেরেক গাঁথলেন রাজস্থানের বুকে।
এখানে থেমে গেলেও গল্পটাকে অসমাপ্ত বলা যেত না। কিন্তু, আরও পূর্ণতা দেওয়ার ইচ্ছা ভর করলো প্রফুলের মনে। পরের ওভারেই সাজঘরে ফেরালেন রয়্যালসের দলনেতা রিয়ান পারাগকে।
আর উইকেট না পেলেও নিজের কোটা শেষ করেন ৩৪ রানের বিনিময়ে চার উইকেট শিকার করে। দল জেতে ৫৭ রানের বিশাল ব্যবধানে। আইপিএলের মতো মঞ্চে নিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠে এর চেয়ে অনবদ্য অভিষেক প্রফুলের পক্ষে সম্ভব ছিল না।











