গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট অবশেষে ধ্বংসের সুর তুলেছে। হারিয়ে যাওয়া দানবীয় সত্ত্বার খোঁজ মিলেছে পাকিস্তান সুপার লিগের মঞ্চে। জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে বিধ্বংসী রূপে আবির্ভূত হয়েছেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে। যেন ঘোষণা দিয়ে গেলেন, ফুরিয়ে যায়নি দ্য বিগ শো।
সমালোচনায় বিদ্ধ, নিজেকেই যেন খুঁজে পাচ্ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। পিএসএল মঞ্চে প্রথমবার, অথচ পাঁচ ম্যাচে মাত্র ২৬ রান! নামের পাশে এমন পরিসংখ্যান যে একেবারেই বেমানান ম্যাক্সওয়েলের জন্য। কিন্তু ক্রিকেট এমনই, একটা ম্যাচই বদলে দিতে পারে সব হিসাব, সব সমীকরণ। আর সেই ক্ষণ এল করাচির বুকে।

হায়দ্রাবাদ কিংসম্যানের সামনে একটাই সমীকরণ জিততেই হবে, তাও আবার ৯০ রানের বড় ব্যবধানে। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দরকার ছিল বিশেষ কিছু। ঠিক তখনই মঞ্চে প্রবেশ ম্যাক্সওয়েলের, যেন গল্পের সেই নায়ক, যার আগমনেই বদলে যায় চিত্রনাট্য।
উসমান খান ভিত গড়ে দিয়েছিলেন, তবে সেটাকে পরিপূর্ণ করেছেন ম্যাক্সওয়েল। রীতিমতো চাবুক চালিয়েছেন বোলারদের ওপর। ফুরিয়ে যাওয়ার মুখোশ ঝেড়ে ফেলে স্বরূপে ফিরেছেন তিনি।

মাত্র ৩৭ বলেই তুলে নিলেন ৭০ রান। ইনিংসটা শুধু একটি ফিফটি নয়, এটি ছিল এক ঘোষণাপত্র—’ম্যাক্সওয়েল ফিরে এসেছে!’ পিএসএলে এটি তাঁর প্রথম অর্ধশতক, আর সেটাও এলো এমন এক ম্যাচে, যেখানে ব্যর্থতার কোনো জায়গাই ছিল না।










