পুরোনো দুঃস্বপ্ন ঘিরে ধরেছে পাকিস্তানকে!

উইকেট পড়তে না পারার খেসারত প্রথম দিনেই দিতে হয়েছে, আর বাংলাদেশও বড় সংগ্রহ গড়ে ভয় ধরিয়ে দিয়েছে পাকিস্তানের বুকে।

স্কোরবোর্ডের চাপ,  মিরপুর টেস্টে পাকিস্তান আবারও যেন মুখোমুখি এই পুরোনো বাস্তবতার, যেটা বারবার তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। উইকেট পড়তে না পারার খেসারত প্রথম দিনেই দিতে হয়েছে, আর বাংলাদেশও বড় সংগ্রহ গড়ে ভয় ধরিয়ে দিয়েছে পাকিস্তানের বুকে।

২০২৪ সালের রাওয়ালপিন্ডি টেস্টেও একই ছবি দেখা গিয়েছিল। সেদিন ফ্ল্যাট ব্যাটিং উইকেটে পাকিস্তান ৪৪৮ রান করে ৬ উইকেটে ইনিংস ঘোষণা করেছিল, ভেবেছিল ম্যাচটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। কিন্তু বাস্তবতা ছিল উল্টো । বাংলাদেশ শুধু সেই রান টপকায়নি, বরং ১০০ রানেরও বেশি এগিয়ে গিয়ে পাকিস্তানকে ম্যাচের বাইরে ঠেলে দিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে চাপ সামলাতে না পেরে পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে।

এই অভিজ্ঞতাই এখন আবার নতুন করে আলোচনায়, কারণ মিরপুরের কন্ডিশন অনেকটাই সেই ধরনের পরিস্থিতি তৈরি করছে। পাকিস্তান এখানে উইকেট বুঝতে ভুল করছে। সবুজ ঘাস দেখে তারা হয়তো বাড়তি পেস এবং বাউন্সের ধারণা করেছিল, কিন্তু বাস্তব উইকেটের আচরণ ভিন্ন। মিরপুরে ঘাস মানেই সবসময় বোলারদের সুবিধা নয়। বরং অনেক সময় এটা ব্যাটিংয়ের জন্য সহায়ক ভূমিকা রাখে। বল ব্যাটে আসে ভালোভাবে, শুরুতে ব্যাট করা সহজ হয়, এবং উইকেট দ্রুত ভেঙে পড়ে না।

বৈশাখ মাসের প্রচণ্ড গরমে উইকেটে আর্দ্রতা ধরে রাখার সুযোগ খুব কম থাকে। ফলে ঘাস থাকলেও সেটা দীর্ঘ সময় বোলারদের জন্য বড় কোনো সুবিধা তৈরি করতে পারে না। বরং যতক্ষণ ঘাস থাকে, ততক্ষণ উইকেটের ফাটলগুলো কিছুটা ঢেকে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘাস শুকিয়ে গেলে উইকেট ধীরে ধীরে কঠিন রূপ ধারণ করে। তখনই তৈরি হয় আসল চ্যালেঞ্জ।

পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা এখানেই—তারা উইকেটের এই পরিবর্তনশীল চরিত্রটা ধরতে ব্যর্থ । ফলে প্রথম ইনিংসের পরিকল্পনা একেবারেই ভুল, আর সেটাই পরে বড় চাপ হয়ে দাঁড়াবে।

এখন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে স্কোরবোর্ড। বাংলাদেশ যদি ৪০০ বা তার বেশি রান তুলে ফেলে, তাহলে পুরো ম্যাচের চিত্র বদলে যাবে। কারণ তখন পাকিস্তানের সামনে শুধু লক্ষ্য থাকবে না, থাকবে চাপ, আর ভুলতে চাওয়া ইতিহাসের স্মৃতি।

দিনের শেষ ভাগে এসে উইকেটেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ছোট ছোট ফাটল তৈরি হচ্ছে, আর ঘাস কমে গেলে সেগুলো আরও গভীর হবে। এর ফলে চতুর্থ ইনিংসে ব্যাটিং হয়ে উঠতে পারে বেশ কঠিন। বল নিচু থাকবে, আচমকা টার্ন করবে, কখনো আবার অপ্রত্যাশিত আচরণ করবে। এই অনিশ্চয়তাই ব্যাটারদের মানসিকভাবে আরও চাপে ফেলবে।

পাকিস্তানের ব্যাটারদের মাথার ভেতরে তাই একটা চিন্তা ঘুরতেই থাকবে—শেষ ইনিংসে কী অপেক্ষা করছে। আর এই মানসিক চাপই অনেক সময় ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

বাংলাদেশের জন্য সমীকরণটা স্পষ্ট।  ব্যাটারদের বড় সংগ্রহ এনে দিতে হবে। এরপর বোলারদের হতে হবে কেবল গোছানো আর ধারাবাহিক। শুধু নির্দিষ্ট জায়গায় বল ফেলে যেতে পারলেই এই উইকেটই ধীরে ধীরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে।

Share via
Copy link