​ইতিহাসের পাতায় অদৃশ্য এক ইনিংস

কতটা দুর্ভাগা হলে কোনো খেলোয়াড় দেশের জার্সিতে মাঠে নেমে রান পান, লড়াই করেন, অথচ পরিসংখ্যানের খাতায় তাঁর নামের পাশে ‘শূন্য’ বসে থাকে?

ক্রিকেট মাঠে পরিসংখ্যানই শেষ কথা বলে। কিন্তু কতটা দুর্ভাগা হলে কোনো খেলোয়াড় দেশের জার্সিতে মাঠে নেমে রান পান, লড়াই করেন, অথচ পরিসংখ্যানের খাতায় তাঁর নামের পাশে ‘শূন্য’ বসে থাকে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এমন এক বিস্ময়কর ও বেদনার নাম কন্নর উইলিয়ামস।

​সময়টা ২০০১ সাল। ভারতীয় ক্রিকেটের জন্য এক অস্থির সময়। দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টে ম্যাচ রেফারি মাইক ডেনিসের বিতর্কিত সিদ্ধান্তে উত্তাল হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব। শচীন টেন্ডুলকারসহ ভারতের ছয় খেলোয়াড়কে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেন ডেনিস।

এই ঘটনা কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি, বরং তা রূপ নেয় ভারত ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ক্ষমতার দ্বন্দ্বে। শচীন ও দলের অন্যান্য সতীর্থদের পাশে দাঁড়িয়ে বিসিসিআই ঘোষণা করে, ডেনিসকে রেফারি হিসেবে মানা হবে না। দুই দেশের বোর্ডের চাপের মুখে শেষ পর্যন্ত সেঞ্চুরিয়ন টেস্ট থেকে সরিয়ে দেওয়া হয় ডেনিসকে।

​কিন্তু আইসিসি এই সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নেয়। আইসিসি-নিযুক্ত রেফারিকে বাদ দেওয়ার অপরাধে তারা সেঞ্চুরিয়নের ওই ম্যাচটিকে ‘অফিসিয়াল টেস্ট’ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে। আর এই অদ্ভুত রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনের শিকার হন কন্নর উইলিয়ামস।

একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি ছিল তাঁর জন্য স্বপ্নের মতো। বীরেন্দ্র শেবাগের পরিবর্তে মাঠে নেমে প্রথম ইনিংসে পাঁচ রান করলেও, দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ পেস বোলিং আক্রমণের বিপরীতে তিনি খেলেন এক অনবদ্য ইনিংস। ৮৩ বলে ৪২ রানের সেই দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ছিল শৈল্পিক সব শট।

অথচ, আইসিসির খামখেয়ালি সিদ্ধান্তে সেই ম্যাচটিই মুছে গেল ইতিহাসের পাতা থেকে। কন্নরের সেই লড়াই, সেই ৪২ রান। সবই যেন অদৃশ্য হয়ে গেল রেকর্ডের খাতা থেকে। এরপর কন্নর দলে থাকলেও আর কখনোই মূল একাদশে ডাক পাননি।

​প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯টি সেঞ্চুরি এবং প্রায় ৮,০০০ রানের মালিক এই ক্রিকেটার মাঠের পারফরম্যান্সে যোগ্যতা প্রমাণ করেও আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার তকমাটি পেলেন না। আজ যখন আমরা সেই সময়ের পরিসংখ্যান দেখি, কন্নর উইলিয়ামস সেখানে কেবল একজন ‘অনভিষিক্ত’ খেলোয়াড়।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link