দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। অথচ বিশ্বমঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যাত্রা শুরুর আগেই নানা দুঃশ্চিন্তা উঁকি দিতে শুরু করেছে দর্শকদের মনে। ইনজুরির চোখরাঙানি আর প্রথম প্রতিপক্ষ আলজেরিয়ার সাম্প্রতিক বিধ্বংসী ফর্ম মিলিয়ে কোচ লিওনেল স্কালোনির শিবিরের কপালে এখন চিন্তার ভাঁজ।
আর কয়েকদিন পরই মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থের। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পায়ে বলের জাদু দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়ে গেলেও লিওনেল মেসির দলের শুরুর একাদশ নিয়ে কাটছে না ধোঁয়াশা। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছোটখাটো ইনজুরিতে ভুগছেন, যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। প্রথম ম্যাচের আগে এই চোটের মিছিল কোচ লিওনেল স্কালোনির জন্য এক বড় মাথাব্যথার কারণ।

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মেসিকে ছাড়াও আর্জেন্টিনার ইনজুরি আক্রান্তদের তালিকা দেখলে ভয় পাবনে যেকোনো ভক্তই। গ্লাভস হাতে গোলের প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ ফ্র্যাকচারের কারণে বিশ্রাম নিচ্ছেন দুই প্রস্তুতি ম্যাচ থেকে। তরুণ নিকো পাজ আর নিকোলাস গঞ্জালেসরাও চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়।
ইনজুরির চেয়েও আর্জেন্টিনার জন্য বড় চিন্তার কারণ হয়ে গেছে স্বয়ং আলজেরিয়া দলটাই। বিশ্বকাপের আগে নিজেদের প্রীতি ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে তারা। এর আগে গত মার্চে গুয়াতেমালাকে ৭-০ গোলে ওড়ানোর পাশাপাশি উরুগুয়েকেও থমকে দিয়েছিল আফ্রিকান এই দলটি।
তবে অতীত থেকে নিশ্চয়ই শিক্ষা নিবে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে সেই স্তব্ধ করে দেওয়া হারের ক্ষত তারা ভুলে যায়নি। লিওনেল মেসি ও তাঁর দল এবার যে কোনোভাবেই আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার ভুলটি করতে চাইবে না, তা বলাই বাহুল্য।

গ্রুপ পর্বের অন্য প্রতিপক্ষ অস্ট্রিয়াও ফর্মে আছে, ফলে আলবিসেলেস্তেদের জন্য এবারের বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশনটি শুরু থেকেই হতে যাচ্ছে এক অগ্নিপরীক্ষা। কাতার বিশ্বকাপের মতো এবারও মেসিরা নতুন রূপকথা লিখত্তে পারেন কিনা সেই অপেক্ষাতেই থাকবে বিশ্বের নানা প্রান্তের দর্শকেরা।










