নকআউটের আশা জিইয়ে রাখলো চেকিয়া-দক্ষিণ আফ্রিকা

৮২ মিনিটে থাপেলো মাসেকোর শটে বা হাত দিয়ে বাধা দেন চেকিয়ার ডিফেন্ডার। রেফারি পেনাল্টি কিকের বাঁশি বাজাতে দেরি করেননি।

হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও অবশেষে পয়েন্টের মুখ দেখলো চেকিয়া আর দক্ষিণ আফ্রিকা। এ গ্রুপের ম্যাচে দুই দল মাঠ ছাড়লো ১-১ গোলের সমতা নিয়ে। আর তাতে বিশ্বকাপে দুদলই টিকিয়ে রাখলো নকআউটে যাওয়ার সম্ভাবনা। 

দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপের যাত্রা শুরু করা চেকিয়া এই ম্যাচে এগিয়ে যায় স্বল্প সময়েই। মাত্র ছয় মিনিটেই মিখাল সাদিলেক প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়ান। তবে, শুরুতেই গোল হজম করে ফেললেও হাল ছেড়ে দেয়নি দক্ষিণ আফ্রিকা।

পুরো সময় জুড়ে আক্রমণ হতে থাকে চেকিয়ার গোলকে কেন্দ্র করে। দক্ষিণ আফ্রিকার পা থেকে বল কেড়ে নেওয়া যেন সম্ভবই হচ্ছিল না ইউরোপের দলটির জন্যে। যদিও দুর্বল ফিনিশিং আর চেকিয়ার রক্ষণভাগের বাধা কাটিয়ে গোল দেওয়া সম্ভব হয়নি দক্ষিণ আফ্রিকার পক্ষে।

দ্বিতীয়ার্ধেও বল নিজেদের দখলে রেখে আক্রমণ চালাতে থাকে আফ্রিকার দেশটি। সময়ে সময়ে সুযোগ তৈরি করতে পারলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি তারা। তবে সুযোগ এসে যায় নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দশেক আগে।

৮২ মিনিটে থাপেলো মাসেকোর শটে বা হাত দিয়ে বাধা দেন চেকিয়ার ডিফেন্ডার। রেফারি পেনাল্টি কিকের বাঁশি বাজাতে দেরি করেননি। সেখান থেকে ম্যাচে সমতা ফেরানোর কাজে কোনো ভুল করেননি টিবোহো মোকোয়েনা। 

এই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়লে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হতো উভয় দলকেই। কিন্তু, সেই দুর্ঘটনা ঘটলো না কোনো দলের সাথেই। ১-১ গোলের ড্রয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখলো চেকিয়া আর দক্ষিণ আফ্রিকা। 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link