সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য অনাকাঙ্ক্ষিত এক শাস্তির মুখে পড়েছে ইংলিশ কাউন্টি ক্লাব লিস্টারশায়ার। ঘরের মাঠ গ্রেস রোডে নিম্নমানের পিচ প্রস্তুত করার অপরাধে ক্লাবটিকে ২৭ পয়েন্ট কাটার পাশাপাশি পাঁচ হাজার পাউন্ড জরিমানা করেছে ডিসিপ্লিনারি প্যানেল। পিচ নষ্ট হওয়ার নেপথ্যে ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিংকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ক্লাবের প্রধান গ্রাউন্ডসম্যান। তবে প্যানেল সেই যুক্তি বিন্দুমাত্র গ্রহণ করেনি।
গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচের আগে গ্রেস রোডে রাজকুমার রাও অভিনীত সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং অনুষ্ঠিত হয়। শুটিং চলাকালীন মাঠ ও পিচের পরিচর্যায় ব্যাঘাত ঘটে। পরবর্তীতে ওই নিম্নমানের পিচেই গ্ল্যামারগনের বিপক্ষে ম্যাচটি খেলা হয়। ম্যাচ শেষে পিচ নিয়ন্ত্রক সংস্থা ও আম্পায়াররা পিচটিকে প্রথম শ্রেণির ক্রিকেটের মানদণ্ডে অনুপযুক্ত বলে রিপোর্ট করেন।

শুনানিতে লিস্টারশায়ারের হেড গ্রাউন্ডসম্যান দাবি করেন, বলিউড শুটিংয়ের সময়সূচি এবং মাঠ ব্যবহারের কারণে সঠিক সময়ে পিচ প্রস্তুত করা সম্ভব হয়নি। তবে ডিসিপ্লিনারি প্যানেল স্পষ্ট জানিয়ে দেয়, মাঠের ক্রিকেটিং মান বজায় রাখা ক্লাবেরই মূল দায়িত্ব এবং শুটিংয়ের অজুহাত দেখিয়ে নিয়মভঙ্গ এড়ানো যাবে না।
শাস্তিস্বরূপ গ্ল্যামারগনের বিপক্ষে অর্জিত জয় থেকে পাওয়া ১৯ পয়েন্ট সরাসরি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত শাস্তি হিসেবে আরও আট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ ক্লাবটি মোট ২৭ পয়েন্ট হারালো। এছাড়া ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত আরও আট পয়েন্ট কাটার শাস্তি স্থগিত রাখা হয়েছে এবং পাঁচ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

এই বিশাল পয়েন্ট খোয়ানোর ফলে পয়েন্ট টেবিলে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে লিস্টারশায়ার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে টিকে থাকার লড়াই এখন তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার জন্য লিস্টারশায়ারকে দশ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।











