ক্রিকেটে মাঝে মাঝেই অদ্ভুত ঘটনার সাক্ষী হন দর্শক-সমর্থকরা! তবে, এবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যে দৃশ্য সামনে এলো, তাকে এক নিখাদ ট্র্যাজিকমেডি বলাই যায়! ঘটনার সূত্রপাতটা ১৮তম ওভারে। ব্যাটে তখন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, বলে জোফরা আর্চার।
আর্চারের স্লোয়ার ডেলিভারির গতিবিধি ঠিকভাবে না বুঝেই পাওয়ার শট খেলার চেষ্টা করলেন হাসারাঙ্গা। ফলাফল? খেই হারিয়ে নিজের স্ট্যাম্পেই সজোরে ব্যাট চালিয়ে বসলেন। আর তাতেই উইকেটের বেল পড়ে হিট উইকেটের ফাঁদে পড়তে হয় হাসারাঙ্গাকে!
বিশ্বমানের কোনো অলরাউন্ডারের জন্য এমন দৃশ্য সত্যিই বিরল। মুহূর্তেই তাঁর এই অদ্ভুত ডিসমিসালের দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়! হাস্যরসে মেতে ওঠেন নেটিজেনরা। কেউ কেউ আবার করেন সমালোচনাও!

ঘটনার আকস্মিকতা এতটাই বেশি ছিল যে খোদ বোলার আর্চারেরও প্রথমে তা ঠাহর হয়নি। বল করে স্বাভাবিকভাবেই রান-আপ শুরুর পজিশনের দিকে যখন তিনি ফিরছিলেন, হাসারাঙ্গা তখন নিঃশব্দে সাজঘরের পথ ধরেছেন। প্রতিপক্ষের ব্যাটারকে পাশ দিয়ে হেঁটে যেতে দেখার পরই হুঁশ ফেরে আর্চারের!
তবে, হাস্যরস ছাপিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন শট খেলে একজন তারকা কীভাবে উইকেট বিলিয়ে দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বোদ্ধারা। সোশ্যাল মিডিয়ায় বহু লঙ্কান আবার এর সঙ্গে ফিক্সিংয়ের কোনো যোগসূত্রতা আছে কি-না সেটিও খুঁজে বের করার দাবি জানাচ্ছেন!
তবে, হাসারাঙ্গার এই আউট হওয়ার দৃশ্য কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের হাস্যরসের অনুষঙ্গ নয়। শ্রীলঙ্কার সাম্প্রতিক ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের বড় প্রতীক হয়ে উঠেছে এই হিট-উইকেট। ম্যাচটিতে পাঁচ ওভারের কম সময়ে মাত্র ১৭ রানে ছয় উইকেট খুইয়ে ধসে পড়েছিল লঙ্কান লাইনআপ।

এমন বিপদের সময়ে সাবধানী না হয়ে হাসারাঙ্গার এই খামখেয়ালিপনা কি পুরো দলের দায়িত্ববোধহীনতারই ছবি তুলে ধরছে? ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হওয়া শ্রীলঙ্কার ক্রিকেট অনুরাগী এবং বোদ্ধাদের এখন একটাই ভাবনা, কবে ফিরবে দলটির খেলোয়াড়দের আগের সেই স্পোর্টসম্যানশিপ?










