মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে এসে লা লিগার রেফারিং নিয়ে তীব্র সমালোচনা করেছেন রিয়াল বস হোসে মরিনহো। হাতে দুটি বিতর্কিত ফাউলের ছবি উঁচিয়ে মাঠের রেফারি মিগুয়েল অ্যাঞ্জেল অর্টিজ আরিয়াস ও ভিএআর এর সিদ্ধান্তকে সরাসরি কাঠগড়ায় তোলেন তিনি।
মরিনহোর দাবি, প্রথমার্ধে বায়েনা ও ক্যাং ইন লি-র ফাউল দুটি ছিল পরিষ্কার লাল কার্ডের যোগ্য। কিন্তু রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্তে ১১ বনাম নয় জনের খেলা পাওয়ার বদলে রিয়ালকে উল্টো দশ জন নিয়ে লড়তে হয়।
নিয়ম ভেঙে ম্যাচের এক সপ্তাহ আগেই ৪১ বছর বয়সী অনভিজ্ঞ অর্টিজ আরিয়াসকে নিয়োগ দেওয়া এবং ভিএআর কক্ষের রহস্যজনক নীরবতা নিয়ে প্রশ্ন তুলে রেফারি নিয়োগ কমিটিকেও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে অভিনন্দন জানান তিনি।

লিগে বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে পড়ার প্রসঙ্গে ওসাসুনা, বার্সেলোনা ও বিলবাওর সাম্প্রতিক ম্যাচগুলোর উদাহরণ টেনে মরিনহো অভিযোগ করেন, একের পর এক সিদ্ধান্তে রিয়ালের সাথে বৈষম্য করা হচ্ছে। ডিন হুইসেনের লাল কার্ড নিয়ে রিপ্লে না দেখায় মন্তব্য না করলেও, তিনি স্পষ্ট জানান যে প্রথমার্ধেই ডার্বির গতিপথ বদলে দেওয়া হয়েছিল।
পুরো ঘটনাকে পরিকল্পিত চক্রান্ত বলতে নারাজ হলেও কিছুটা তির্যক সুরেই মরিনহো বলেন, ‘আমি ভাবতে চাই রেফারিং কমিটি ভুল করেছে। একজন অনভিজ্ঞ রেফারি আর রিয়ালের বিপক্ষে বিতর্কিত ইতিহাস থাকা ভিএআর অফিসারকে দায়িত্ব দিয়ে তারা স্রেফ ভুল করেছে!’ তবে হারের তিক্ততার মাঝেও প্রতিকূল পরিস্থিতিতে রিয়াল খেলোয়াড়দের বীরত্বপূর্ণ লড়াই ও আত্মনিবেদনে পুরোপুরি সন্তুষ্ট দ্য স্পেশাল ওয়ান।
এদিকে ডার্বি শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে কড়া অফিসিয়াল বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদও। ক্লাবের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অর্টিজ আরিয়াসের বাজে রেফারিংয়ের শিকার হয়েই মেত্রোপোলিতানোয় ডার্বি হারতে হয়েছে তাদের।












