অভিষেকেই নায়ক আরব গুল!

অভিষেকের মঞ্চে এর চেয়ে সুন্দর গল্প আর কী হতে পারে! চার ওভারে মাত্র আট রান, শিকার চার উইকেট। আফগানিস্তান শিবিরে অপশন হিসেবে ঢুকে জাপানের ব্যাটিংয়ের সব আলো নিভিয়ে জয়ের নায়ক হয়ে উঠলেন আরব গুল।

অভিষেকের মঞ্চে এর চেয়ে সুন্দর গল্প আর কী হতে পারে! চার ওভারে মাত্র আট রান, শিকার চার উইকেট। আফগানিস্তান শিবিরে অপশন হিসেবে ঢুকে জাপানের ব্যাটিংয়ের সব আলো নিভিয়ে জয়ের নায়ক হয়ে উঠলেন আরব গুল।

এশিয়ান গেমসে অভিষেক। প্রতিপক্ষ জাপান। এক পাশে জাপানের স্বপ্ন, অন্য পাশে আফগানিস্তানের নিজেদের শক্তিমত্তা দেখানোর প্রয়াস। আর সেই মঞ্চেই বল হাতে এমন এক গল্প লিখলেন আরব গুল, যা হয়তো নিজের কাছেও অনেকদিন স্বপ্নের মতো মনে হবে।

৬৪ রানে চার উইকেট হারিয়েছে জাপান। ১৩০ রানের লক্ষ্য তখনও খুব বেশি দূরে নয়। তবে গুল এলেন সব সম্ভাবনাকে মাটি চাপা দিতে। তাঁর হাতে বল উঠতেই যেন বদলে গেল ম্যাচের চিত্রনাট্য। রান করার জায়গা খুঁজে পেল না জাপানের ব্যাটাররা। একের পর এক ডট বল, চাপ বাড়তে বাড়তে একসময় সেই চাপই রূপ নিল উইকেটে। প্রথম সাফল্য আসে নিজের দ্বিতীয় ওভারে। ১২তম ওভার করতে এসে জাপানের দুই ব্যাটারকে ফেরান সাজঘরে। তাও আবার কোনো রান না দিয়েই।

১৪তম ওভারে আবারও হাজির গুল। এবারও আগের ওভারটাই কপি পেস্ট। কোনো রান দিলেন না, তুলে নিলেন দুই উইকেট। অর্থাৎ তিন ওভারে দুই রান দিয়ে চার উইকেট। ব্যাক টু ব্যাক মেডেন। অবিশ্বাস্য পারফরম্যান্স।

শেষমেশ চার ওভারে ১৯ ডট বল সমেত ৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন গুল। জাপানের সব স্বপ্নের অপমৃত্যু ঘটেছে তাঁর কাছে এসেই। আর নিজের স্বপ্নের নতুন এক গল্প লেখার সূচনা করলেন এই ২১ বছর বয়সী আফগান স্পিনার। যাকে দলে নেওয়া হয়েছিল ব্যাকআপ হিসেবে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link