পাকিস্তানের সামনে বিপর্যস্ত শ্রীলঙ্কা!

সালমান আলী আঘার সেঞ্চুরি, আর পাকিস্তানের চিরায়ত পেস আক্রমণের সামনে বিপর্যস্ত হলো শ্রীলঙ্কা। উত্থান-পতনের গল্প সাজানো ম্যাচে লঙ্কানদের হারতে হলো ৩৭ রানে। প্রথম ম্যাচ জিতেই ত্রিদেশীয় সিরিজের সূচনা পর্ব নিখুঁতভাবে লিখল পাকিস্তান।

সালমান আলী আঘার সেঞ্চুরি, আর পাকিস্তানের চিরায়ত পেস আক্রমণের সামনে বিপর্যস্ত হলো শ্রীলঙ্কা। উত্থান-পতনের গল্প সাজানো ম্যাচে লঙ্কানদের হারতে হলো ৩৭ রানে। প্রথম ম্যাচ জিতেই ত্রিদেশীয় সিরিজের সূচনা পর্ব নিখুঁতভাবে লিখল পাকিস্তান।

এদিন আগে ব্যাট করতে নামা পাকিস্তান অবশ্য শুরুতেই হোঁচট খায়। ৩২ রানেই সায়িম আইয়ুব আর ফখর জামানের বিদায় ঘটে। এরপরই হাল ধরেন বাবর আজম। সাদ বেগকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৭৪ রানের জুটি।

বাবর আশা দেখাচ্ছিলেন। বড় ইনিংস খেলার মতো অবস্থায় তখন চলে গিয়েছেন। তবে ৪৫ রানে থামতে হলো আরও একবার। ভালো শুরুর শেষটা ভালো হয়নি আর। তবে বাকি কাজটা করে দেন সালমান আলী আঘা। ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। তাতে ভর করেই পাকিস্তান পায় ৩০৫ রানের সংগ্রহ।

শ্রীলঙ্কার জবাব দেওয়ার পালা। তবে শুরুতেই চেপে ধরে পাকিস্তানের বোলিং লাইনআপ। ৩০ রানেই ভাঙে ওপেনিং জুটি, ৯১-তে চার উইকেট গেলে জয়ের স্বপ্ন তখন অনেক দূরে। সেখান থেকেই লিয়ানাগে আর রত্নায়েকের প্রতিরোধ। গড়ে ওঠে ১১৯ রানের জুটি। ম্যাচে তখন শ্রীলঙ্কা ফিরেছে প্রবলভাবে।

তবে রত্নায়েকে যখন ৭৯ রানে ফিরে গেলেন, দলের স্বপ্নটাও বুঝি তাঁর সঙ্গে হেঁটে গেল। লিয়ানাগে তখন আশার আলো, তাঁকেও থামতে হলো ৬০ রানে। কফিনের শেষ পেরেকটা শাহিন আফ্রিদিরা ঠুকে দেন দাসুন শানাকাকে ফিরিয়ে। ব্যস, ৩৭ রান দূরে থেকেই শ্রীলঙ্কার ইনিংসের ইতি ঘটে। বল হাতে পাকিস্তানের পেসাররাই নেন নয় উইকেট। তাতেই ত্রিদেশীয় সিরিজের শুভসূচনা করল দল।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link