টিফিনের টাকা জমিয়ে ক্রিকেট খেলার শুরু। সেই ছোট্ট স্বপ্নের পেছনে ছুটতে ছুটতেই একদিন ব্যাট হাতে বড় কিছু করার স্বপ্ন দেখেছিলেন মাহফিজুল ইসলার রবিন। এই গল্পের তিনিই ব্যাটম্যান, তিনিই রবিন!
চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের এই ওপেনার। ৩৫১ বল মোকাবিলা করে ২১৭ রানে অপরাজিত আছেন তিনি। ক্রিজে কাটিয়েছেন ৬০৫ মিনিট। অর্থাৎ সাড়ে নয় ঘণ্টারও বেশি সময় ধরে উইকেটে থেকে প্রতিপক্ষের বোলারদের সামলেছেন মাহফিজুল। ইনিংসে চার মেরেছেন ২০টি, ছক্কা দুটি।
এমন ইনিংস শুধু রান দিয়ে মাপা যায় না। এর সঙ্গে মিশে থাকে ধৈর্য, মনোযোগ আর নিজের ওপর বিশ্বাস রাখার গল্প। ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে পড়ে থেকে দলকে এগিয়ে নেওয়া সহজ কাজ নয়। মাহফিজুল সেই কঠিন কাজটাই করেছেন দারুণভাবে।
চলতি জাতীয় ক্রিকেট লিগে যেন অন্য এক মাহফিজুলকে দেখা যাচ্ছে। চার ম্যাচে তিনটি সেঞ্চুরি। এবার সেই সেঞ্চুরির পথ পেরিয়ে প্রথম ডাবল সেঞ্চুরি। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ওপেনারের ক্যারিয়ারে এটি নি:সন্দেহে বড় এক মাইলফলক।

বাংলাদেশ ক্রিকেটে মাহফিজুুল ইসলাম রবিন কোনো উড়ে এসে জুড়ে বসা চরিত্র নয়। বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট কাঠামোর প্রোডাক্ট তিনি। ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন বিকেএসপিতে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ২০২২ সালের বিশ্বকাপ খেলেছেন এই ডানহাতি ওপেনার।
কিন্তু, রবিনের গল্পটা শুধু এক ম্যাচের নয়। এর শিকড় খুঁজতে গেলে ফিরে যেতে হয় বছর কয়েক আগে, এক ছোট্ট ছেলের কাছে, যে দুই বছর বয়সেই হারিয়েছে বাবাকে। বাবাহীন জীবনের শূন্যতা, সংসারের কষ্ট, মায়ের অশ্রুভেজা চোখ, সবকিছু মিলে ক্রিকেট তার কাছে তখনও ছিল বিলাসিতা। পড়াশোনা করে চাকরি করাই যেন ভাগ্যে লেখা ছিল। তবুও, পঞ্চম শ্রেণিতে উঠে ২২ গজের টান আর আটকাতে পারেননি।
পরিবারের কাউকে কিছু না জানিয়ে টিফিনের টাকা জমিয়ে ভর্তি হয়েছিলেন নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমিতে। পাশে ছিলেন বড় বোন পপি আক্তার, আর পরবর্তী সময়ে আশ্রয় হয়ে দাঁড়ালেন দুলাভাই জাহাঙ্গীর আলম, জাতীয় দলের । মায়ের মমতা তখন রূপ নিলো ত্যাগে—চোখের ডাক্তার দেখানোর জন্য জমানো টাকা দিয়ে কিনে দিলেন ছেলের ব্যাট। সেই ব্যাটই ধীরে ধীরে গড়ে তুলতে লাগল রবিনের আজকের রূপ।
দিনাজপুরের বিকেএসপি থেকে শুরু, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা, এরপর এইচপি ইউনিট আর ইমার্জিং দলে ধারাবাহিকতায় নিজেকে ছড়িয়ে দেওয়া, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের স্বপ্নযাত্রা – কোথাও থামেননি রবিন।

পাঁচ বছর আগে তাঁর ক্রিকেটার হয়ে ওঠার গল্প লিখেছিলাম। তখন ছিল স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার গল্প। টিফিনের টাকা জমিয়ে যে স্বপ্নের শুরু, সেই স্বপ্ন এখন আরও বড় হওয়ার সাহস জোগাচ্ছে।
ক্রিকেটে সাফল্য আসে ধাপে ধাপে। কখনো রান করতে না পারার হতাশা, কখনো নিজেকে নতুন করে প্রমাণের লড়াই। সেই পথ পেরিয়েই মাহফিজুলের এই অর্জন।
টিফিনের টাকা জমিয়ে শুরু করা স্বপ্নটা আরও অনেক দূর যাক। মাহফিজুলের ব্যাটে আসুক আরও বড় ইনিংস, আরও অনেক সেঞ্চুরি। একদিন জাতীয় দলের জার্সিতেও নিজের গল্পটা লিখুন তিনি।










