ভোরের কুয়াশায় পথ দেখা যায় না,তবুও পথিক আশা নিয়ে হাটতে থাকে , এই বুঝি গন্তব্যের সন্ধান পাওয়া যাবে, ঠিক তেমনই মুমিনুল হকও ক্রিজে আশা নিয়ে আসেন এই বুঝি দল কে উদ্ধার করবেন, বড় রানের দেখা পাবেন, তবে কুয়াশার মাঝেই যেন হারিয়ে যায় তাঁর আশা। দীর্ঘশ্বাস সঙ্গী করে করে ফিরে আসেন সাজঘরে, আসা যাওয়ার এই সময় টায় জায়গা করে নেয় কেবলই ব্যার্থতা। মুমিনুল হকের ইনিংসগুলোও এখন যেন তেমনই। শুরুটা হয় আশা নিয়ে, তারপর কোথায় যেন হারিয়ে যায় গন্তব্য।
সেঞ্চুরিয়নে সেই চেনা গল্প। রাবাদা আর ইয়ানসেনের সামনে ধৈর্য ধরে দাঁড়িয়ে ছিলেন তিনি। একবার এলবিডব্লুর জোরালো আবেদন থেকে বাঁচলেন, আরেকবার ব্যাটের কানা ছুঁয়ে বল পড়ল স্লিপ ফিল্ডারের হাতের সামান্য সামনে। ভাগ্য যেন বারবার ফিসফিস করে বলছিল, এবার হবে। কভারের ওপর দিয়ে একটা সুন্দর চারও এল। ৫১ বল খেলে ১৮ রানে পৌঁছে মনে হচ্ছিল, থিতু হওয়ার কঠিন কাজটা শেষ, এবার শুধু ইনিংস গড়ার পালা। ঠিক তখনই মুল্ডারের বলটা ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে ভেঙে দিল লেগ স্টাম্প। বাংলাদেশ তখন ৫৬ রানে ৪ উইকেট হারিয়েছে।
মুমিনুলের গল্পটা এখন এমনই। ক্রিজে থাকেন, বল সামলান, ঝড়ও কাটিয়ে ওঠেন, কিন্তু ইনিংসটাকে ঘাটে ভেড়াতে পারেন না। শেষ দশ ইনিংসে তাঁর রান ১৭৬, গড় ১৯.৫৬, সর্বোচ্চ ৪৯। শেষবার পঞ্চাশ ছুঁয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর থেকে সেই দেওয়াল আর পেরোনো হয়নি।

অথচ তিন নম্বর জায়গাটা তাঁর জন্য শুধু একটা ব্যাটিং পজিশন নয়, এটা ওপেনার আর মিডল অর্ডারের মাঝের সেতু। ওপেনাররা ভালো করলে সেই সুর ধরে রাখা, ব্যর্থ হলে চাপটা নিজের কাঁধে তুলে নেওয়া, এটাই তাঁর কাজ। দলের দ্বিতীয় সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার হিসেবে ভরসাটাও ছিল সেখানেই।
কিন্তু অভিজ্ঞতা মানে শুধু বেশি ম্যাচ খেলা নয়। অভিজ্ঞতা মানে শুরুটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। মুমিনুল সেই কাজটাই এখন করতে পারছেন না, আর বাংলাদেশ ঠিক সেই জায়গাতেই তাঁকে সবচেয়ে বেশি খুঁজছে।











