যেমন ফিল সল্টকে চেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দেরিতে হলেও তেমনটাই পেয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দূরন্ত শুরু এনে দেওয়ার কাজটা দায়িত্ব নিয়েই করেছেন, ব্যাট হাতে ঝড় তুলছেন। শুরুর দিকের ব্যর্থতা ছাপিয়ে ধারাবাহিকতার গল্প লিখছেন ব্যাট হাতে।
পাওয়ার প্লেতে ফিল সল্ট কী করতে পারেন তা সবারই জানা। নিজের দিনে প্রতিপক্ষের সব পরিকল্পনা ভেস্তে দেওয়ার সবরকম ক্ষমতা তাঁর ভেতরে আছে। আরসিবি তাই বড় রকমের ভরসা করেছিল তাঁর ওপর।

শুরুর তিন ম্যাচে ঠিকঠাক নিজেকে খুঁজে পাননি সল্ট। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭৮ রানের ইনিংস খেলে জানান দিয়েছিলেন মেঘ সরে গেছে, ব্যাটে আছড়ে পড়েছে আলোর রোশনাই।
এক ম্যাচে ব্যাটে রান না আসলেও, দিল্লির বিপক্ষে ঠিকই গর্জে উঠেছেন সল্ট। এদিন শুরু থেকেই চড়াও হয়েছিলেন প্রতিপক্ষের ওপর। বিরাট কোহলির সাথে জোট বেঁধে আদায় করেছেন ৫২ রান। কোহলি ফিরলেও থেমে থাকেনি সল্টের ব্যাট।

দূরন্ত সব শটের ফুলঝুরি ছড়িয়েছেন। টাইমিং আর পাওয়ার হিটিংয়ে এক মায়াবী বিকেল উপহার দিয়েছেন চিন্নাস্বামীতে। উইকেটে থেকেছেন ১০৫ পর্যন্ত। নিজের ব্যক্তিগত খাতায় তুলেছেন ৩৮ বলে ৬৩ রান। যার সুবাদে আরসিবি পেয়েছে ১৭৫ রানের লড়াকু পুঁজি।
Share via:











