সরফরাজের মাস্টারমাইন্ডে নতুন পাকিস্তান

ঐতিহাসিক বিজয়ের কাণ্ডারি সরফরাজ আহমেদ এবার ডাগআউটে ফিরছেন নতুন এক মন্ত্র নিয়ে। তবে এবার আর হাতে গ্লাভস নয়, বরং মস্তিস্কে থাকবে রণকৌশলের ছক।

স্মৃতির মণিকোঠায় ২০১৭ সালের সেই ওভাল জয়ের রঙিন আবেশ এখনও অমলিন। সেই ঐতিহাসিক বিজয়ের কাণ্ডারি সরফরাজ আহমেদ এবার ডাগআউটে ফিরছেন নতুন এক মন্ত্র নিয়ে। তবে এবার আর হাতে গ্লাভস নয়, বরং মস্তিস্কে থাকবে রণকৌশলের ছক। আগামী মে মাসে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের লাল বলের লড়াইকে সামনে রেখে পিসিবি প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়েছে সাবেক এই সেনাপতির কাঁধে।

সরফরাজ আহমেদের ক্যারিয়ার বরাবরই উত্থান-পতনের এক মহাকাব্য। অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি! সম্প্রতি পাকিস্তানের তরুণ তুর্কিদের নিয়ে তার সাফল্যের পালক কোচিংয়ের এই কঠিন পথে তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।

সরফরাজের অভিজ্ঞতার সাথে যুক্ত হয়েছে আরও দুটি পরিচিত নাম। ব্যাটিংয়ের ব্যাকরণ শেখাতে আসছেন একসময়ের শান্ত ও ধীরস্থির আসাদ শফিক। অন্যদিকে, গতির ছন্দ আর নিখুঁত ইয়র্কারের শিল্প তুলে দিতে বোলিং কোচের দায়িত্বে থাকছেন ‘গুলডোজার’ খ্যাত উমর গুল।

ঘরোয়া ক্রিকেটের দুর্গম পথ পাড়ি দিয়ে আসা চার তরুণকে নির্বাচকরা বেছে নিয়েছেন বাংলাদেশের প্রতিকূল কন্ডিশনে লড়াই করার জন্য। আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস, গাজী গোরি এবং আমাদ বাট – এই চারজনের ওপর বোর্ড যে আস্থা রেখেছেন, তা পাকিস্তান ক্রিকেটে এক বিশাল বাঁকবদল হতে পারে। বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক ও আবরার আহমেদের মতো প্রতিভাবান ক্রিকেটাররাও।

সব মিলিয়ে ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে সরফরাজ আহমেদকে কেন্দ্র করে আমুল এক পরিবর্তনের পথে এগোচ্ছে বোর্ড। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই মহাগুরুত্বপূর্ণ সিরিজে আগামী ৮ মে ঢাকার মিরপুরে প্রথম অগ্নিপরীক্ষা সরফরাজ বাহিনীর। এরপর ১৬ মে চায়ের দেশ সিলেটের মনোরম পরিবেশে লড়বে দুই দল।

পাকিস্তানের এই পুনর্জাগরণের কারিগর হিসেবে সরফরাজ আহমেদ মাঠের বাইরে থেকে কতটা সফল হবেন, তার উত্তর সময়ের হাতে। তবে ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে সেই মানুষটির দিকে, যিনি হার না মানা মানসিকতা দিয়ে বহুবার বদলে দিয়েছেন ইতিহাসের গতিপথ।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link