শ্রীলঙ্কাকে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশের মেয়েরা

১০ পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে ফেলল সাবিনা-সুমাইয়ারা।

সাবিনা খাতুনের পায়ে ক্যামব্যাকের অনবদ্য অধ্যায় সৃষ্টি করল বাংলাদেশ। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেকধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ অবধি লঙ্কান নারীদের উড়িয়ে দিয়েছেন সাবিনা খাতুন ও তার দল।

তিন ম্যাচে দুই জয় নিয়ে, এদিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম জয়ের সন্ধানে লঙ্কান নারী ফুটসাল দল। সেই অন্বেষণের তীব্রতায় শুরুতেই তারা এগিয়ে যায় ২-০ গোলে। কিন্তু এরপরই নিজেদের আক্রমণের গতি বাড়িয়ে দেন মাসুরা পারভিনরা।

এদিনও দলের জয় এনে দিতে সামনে এগিয়ে আসেন সাবিনা খাতুন। পরপর দুই গোলে তিনি বাংলাদেশকে ফেরান সমতায়। প্রথম অর্ধে ২-২ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে, শ্রীলঙ্কাকে রীতিমত কোণঠাসা করে ফেলে বাংলার মেয়েরা। সুমাইয়া মাতসুসিমা বা পায়ে বারের টপ কর্ণার ভেদ করলে, ম্যাচে লিড নেয় বাংলাদেশ।

সে লিড আর হারায়নি দলটি, বরং সময়ের সাথে সাথে বাড়িয়েছে। সাবিনা, সুমাইয়ার পর স্কোরশিটে নাম তোলেন কৃষ্ণা রাণী সরকার। সাবিনার বাড়ানো বলে লঙ্কান রক্ষণ ও গোলরক্ষকের ভুলে সহজ ট্যাপইন গোল পেয়ে যান কৃষ্ণা। দলের পক্ষে পঞ্চম গোলটা করেন  মাসুরা পারভিন।

শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেন কৃষ্ণা। ৬-২ গোলে তখন জয়ের ক্ষণ গুণছিল বাংলাদেশের মেয়েরা। তবে ম্যাচ শেষের অন্তিম লগ্নে একটি গোল পরিশোধ করে শ্রীলঙ্কা। তাতে ব্যবধান কমলেও, ম্যাচের ফলাফলে কোন পরিবর্তন আসেনি। ভারত, নেপালের পর শ্রীলঙ্কার বিপক্ষেও জয় লেখা হল বাংলাদেশের পাশে।

এই জয়সহ মোট তিন জয় ও এক ড্র থেকে প্রাপ্ত এক পয়েন্ট মিলিয়ে সবার উপরে এখন বাংলাদেশের অবস্থান। ১০ পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে ফেলল সাবিনা-সুমাইয়ারা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link