জসপ্রিত বুমরাহ মাঠে থাকলেই ভারতের জয় নিশ্চিত। এশিয়া কাপে যেন অঘোষিত নিয়ম এটাই হয়ে দাঁড়িয়েছে। উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বুমরাহ যেন ভারতের লাকি চার্ম।
এশিয়া কাপ বরাবরই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। প্রতিটা দলের হাড্ডাহাড্ডি লড়াই, চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দ্বৈরথ, সব মিলিয়ে এই আসর ঘিরে বাড়তি নজর থাকে সবারই। যেখানে ভারতীয়দের একচেটিয়া দাপট লক্ষ্য করা যায়।
তবে ব্যক্তিগতভাবে অনেকেই অবিশ্বাস্য সব রেকর্ড গড়েছেন এই টুর্নামেন্টে। তাঁদের মধ্যেই একজন ভারতের পেস ইউনিটের সম্রাট জসপ্রিত বুমরাহ। যতগুলো ম্যাচেই খেলেছেন সবগুলোতে ভারতীয় দল জিতেছে। এমন নজির ক’জনেরই বা আছে!

বুমরাহ এখন পর্যন্ত মোট ১৩টি এশিয়া কাপ (ওডিআই ও টি–টোয়েন্টি মিলিয়ে) ম্যাচে অংশ নিয়েছেন। এর মধ্যে ১২টিতে ভারত জয় পেয়েছে, আরেকটি ম্যাচ অবশ্য বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে, আসেনি কোনো ফলাফল। অর্থাৎ বুমরাহর নামের পাশে রেকর্ড ১০০ শতাংশ জয়।
তালিকার পরবর্তী স্থানে আছেন হার্দিক পান্ডিয়া ও শিখর ধাওয়ান। ১৩ ম্যাচে খেলে দুজনেরই জয় এসেছে ১১ ম্যাচে, হারতে হয়েছে দু’টিতে। অর্থাৎ জেতার হার ৮৪.৬ শতাংশ।
তবে বুমরাহর রেকর্ড অন্য সবার থেকে আলাদা, কারণ তাঁর নামের পাশে এখনো কোনো হার লেখা হয়নি। ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারাও আছেন শীর্ষ দশে, কিন্তু কারো রেকর্ডই বুমরাহকে ছুঁতে পারেনি।

এবারের এশিয়া কাপের দলেও বুমরাহ আছেন। তারকায় ঠাসা দল নিয়ে মহারণের জন্য প্রস্তুত ভারতীয় শিবির। এবারও কি আসরজুড়ে ভারতের দাপট চলবে? বজায় থাকবে বুমরাহ নামের পাশে ১০০ শতাংশ জয়ের হার?










