র‍্যাংকিং কার্স ভাঙতে পারবে আর্জেন্টিনা?

প্রতিবারের বিশ্বকাপ শুরুর আগে যে দলটির নামের পাশে থাকে র‍্যাংকিংয়ের এক নম্বর তকমা, সোনালী ট্রফিটা কখনোই ছোঁয়া হয় না তাদের।

ফিফার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান যেখানে প্রতিটি দলের কাছে আরাধ্যের বিষয়, সেখানে বিশ্বকাপের আগেই তা হয়ে ওঠে এক চরম অভিশাপ। বছরের পর বছর ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করে এক নম্বর দলটি বিশ্বমঞ্চে এসে লীন হয়ে যায় এক অদ্ভুত গোলকধাঁধায়। বিশ্বমঞ্চের এই চিরন্তন ট্র্যাজেডিতে এবার মুখোমুখি দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। 

ফুটবল বিশ্বকাপে একটি কার্স দীর্ঘদিন ধরে তাড়া করে বেড়াচ্ছে পরাশক্তিদের। প্রতিবারের বিশ্বকাপ শুরুর আগে যে দলটির নামের পাশে থাকে র‍্যাংকিংয়ের এক নম্বর তকমা, সোনালী ট্রফিটা কখনোই ছোঁয়া হয় না তাদের। এবার সেই অভিশপ্ত সিংহাসনে বসে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা কি পারবে এই নিয়তিকে বুড়ো আঙুল দেখাতে?

পেছনের পাতা উল্টালে দেখা যায়, ২০২২ বিশ্বকাপের ঠিক আগে সবার উপরর ছিল হেক্সার লক্ষ্যে নামা ব্রাজিল। কিন্তু মরুর বুকে সব হিসেব ওলটপালট করে শেষ হাসি হেসেছিলেন লিওনেল মেসি। একইভাবে ২০১৮ সালে জার্মানি এক নম্বরে থেকে মিশন শুরু করলেও, সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল তারুণ্যে উজ্জ্বল ফ্রান্স।

ফুটবল যেন শীর্ষস্থান আর বিশ্বকাপের ট্রফির মাঝে এঁকে দিয়েছে এক অলক্ষ্য প্রাচীর। ২০১৪ সালে বিশ্ব কাঁপানো টিকিটাকা ফুটবল নিয়ে স্পেন ছিল সবার ওপরে, অথচ সেবার ট্রফি যায় জার্মানির ঘরে। আবার ২০১০ সালের গল্পটাও একই। র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা ব্রাজিলকে বিদায় নিতে হয়েছিল শূন্য হাতে, আর প্রথমবার বিশ্বজয় করেছিল স্পেন।

বিশ্বকাপের আঙিনায় এই অদৃশ্য অভিশাপের কাছে পরাস্ত হয়েছে কত পরাশক্তি দলের চেনা ছন্দ। র‍্যাংকিংয়ের এই মায়াবী ফাঁদ এবার আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। যারা এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল।

ফুটবল মাঠের স্নায়ুচাপ আর গ্যালারির গর্জন ছাপিয়ে এখন একটাই প্রশ্ন, লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা কি অভিশাপের কাছে হার মেনে নেবে? নাকি পারবে যুগের পর যুগ ধরে চলা এই অভিশাপ ভেঙে এক নতুন রূপকথার গল্প লিখতে?  

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link