কিল, ঘুষি, আর তুমুল সংঘর্ষ, পর্তুগাল আর চিলির ম্যাচ দেখে থাকলে আপনার হয়তো এক মুহূর্তের জন্য মনে হবে ভুল করে রেসলিং দেখতে বসেছেন। ফ্রেন্ডলি ম্যাচ হলেও, মাঠের ভেতরের চিত্রটা পুরোপুরি আনফ্রেন্ডলি। দুই দলের ফুটবলীয় লড়াই হঠাৎ করেই যেন রূপ নেয় কোনো অ্যাকশন সিনেমার দৃশ্যে।
ঘটনার শুরু প্রথমার্ধের একেবারে শেষ দিকে। একটি ফাউলকে কেন্দ্র করে মাঠে হঠাৎই উত্তেজনার আগুন জ্বলে ওঠে। চিলির ডিফেন্ডার ইভান রোমান প্রতিক্রিয়া জানাতে গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাশে থাকা সতীর্থদের টানাপোড়েন আর কথার লড়াই মুহূর্তেই রূপ নেয় হাতাহাতিতে।

সেই মুহূর্তেই এগিয়ে আসেন পর্তুগালের ফরোয়ার্ড রাফায়েল লেও, সতীর্থকে রক্ষা করতে গিয়ে তিনিও জড়িয়ে পড়েন উত্তপ্ত সংঘর্ষে। শুরুতে ধাক্কাধাক্কি, এরপরই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। মাঠে একে অপরের দিকে তেড়ে যাওয়া, গলা ধরা, মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।
রেফারি প্রথমে খেলা থামিয়ে ভিএআর রিভিউয়ের আশ্রয় নেন। রিপ্লেতে যা দেখা যায়, তা আর কোনোভাবেই ‘ফ্রেন্ডলি ম্যাচ’-এর সংজ্ঞার মধ্যে পড়ে না। উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে লেও ও রোমানের মধ্যে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ার দৃশ্য স্পষ্ট হয়। এরপরই আসে কঠোর সিদ্ধান্ত, দুজনকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ।

তবে সব নাটকীয়তার মাঝেও শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল রয়ে যায় পর্তুগালের পক্ষেই। রেসলিং নয়, ফুটবল নৈপুণ্য দেখিয়েই ২-১ গোলের ব্যবধানে চিলিকে হারিয়ে জয় তুলে নেয় পর্তুগাল।










