নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সব আলো নিজের করে নিলেন জুয়াইরিয়া ফেরদৌস। নেদারল্যান্ডসের বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়ে তুলে নিলেন ফিফটি। বাংলাদেশের জয়ের ভিত গড়ে ওঠে ওখানেই।
লক্ষ্যটা ছিল ১৪০ রানের। বাংলাদেশের জন্য খুব বেশি সহজ না, আবার অসম্ভব বলে উড়িয়ে দেওয়াও যাবে না। শুরুতেই একটা মোমেন্টাম দরকার শুধু। এই সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিলেন জুয়াইরিয়া।

ঠান্ডা মাথায় সবটা বুঝে নিলেন। এরপর সময় বুঝে দেখাতে শুরু করলেন নিজের তেলেসমাতি। বোলারদের দম ফেলার ফুসরত দিলেন না। সাত চার আর দুই ছক্কার সাহায্যে ৩৩ বলে খেললেন ৫০ রানের অনবদ্য এক ইনিংস। স্ট্রাইক রেটটাও দেখার মতো, ১৫১।
ওখানেই স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান তোলে স্কোরবোর্ডে। জুয়াইরিয়া যখন ফিরলেন ততক্ষণে দলের রান ৬৭টি। তিনি একাই যে ছড়ি ঘুরিয়েছেন প্রতিপক্ষের উপর তা আর বলার অপেক্ষা রাখে না। উদ্বোধনী ম্যাচে ছয় উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ নারী দল।

সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই নিজের গল্প লিখে ফেললেন এই ব্যাটার। প্রতিপক্ষের ঘুম হারাম করে নিজের দলের স্বপ্ন পূরণের প্রথম সিঁড়িটা তৈরি করে দিয়েছেন। কঠিন পথ, সহজ হয়ে গেল তাঁর ব্যাটের কল্যাণে।










