আগের ম্যাচে সাত গোল দিয়ে বিশ্বকাপ শুরু করেছে জার্মানি। বিশ্বকাপ পুনরুদ্ধারের স্বপ্ন দেখা দেশটির সামনে এখন বাধা হয়ে দাঁড়িয়ে আইভরি কোস্ট। জার্মানি কি পারবে আবারও গোলের বন্যা ভাসাতে নাকি অঘটনের জন্ম দেবে আফ্রিকান দেশ আইভরি কোস্ট?
নিজেদের প্রথম ম্যাচে, বিশ্বকাপে নতুন পা রাখা কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। ডেনিস উন্দাভ গত ম্যাচে বদলি নেমে এক গোল ও দুই অ্যাসিস্ট করলেও জার্মানির মূল আক্রমণভাগে লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ এবং কাই হাভার্টজ চতুষ্টয়ের ওপরই ভরসা রাখবেন কোচ।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক জার্মান হিসেবে ৪০ বছর বয়সে পোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে আছেন ম্যানুয়েল ন্যুয়ার। তাঁর সামনে অধিনায়ক জশুয়া কিমিচ, জোনাথন টাহ, নিকো শ্লটারবেকদের নিয়ে গড়া রক্ষণভাগ চূর্ণ করতেই মাঠে নামবে আইভরি কোস্ট।

অন্যদিকে আইভরি কোস্ট শিবিরে স্বস্তি ফিরেছে। ভিসার জটিলতা কাটিয়ে দলে যোগ দিয়েছেন স্ট্রাইকার ইলি ওয়াহি। তাঁর পাশাপাশি শুরুর একাদশে দেখা যেতে পারে আগের ম্যাচে হারের উখ থেকে ফিরিয়ে আনা আমাদ দিয়ালোকে।
তবে আফ্রিকান দলটির আসল ট্রাম্পকার্ড ১৯ বছর বয়সী ইয়ান দিওমান্দে। ইউরোপের অনেক বড় ক্লাবের নজরে থাকা এই তরুণ গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে যেভাবে ট্যাকল, ডুয়েল জয় আর সুযোগ তৈরি করেছেন, সেটা জার্মানির সাথেও চাইবে আইভরি কোস্ট।
শক্তির বিচারে জার্মানি এগিয়ে থাকলেও, আইভরি কোস্টের গতিময় ফুটবল যেকোনো মুহূর্তেই বদলে দিতে পারে পুরো ম্যাচের সমীকরণ। কিন্তু, নাগেলসম্যানের জার্মান মেশিন যে নিজেদের চেনা অল আউট অ্যাটাক স্টাইলে খেলবে তা বলাই যায়।











