বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। কোচিংয়ে দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা, দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সঙ্গে কাজ করার স্মৃতি, বিশ্বকাপের মঞ্চে থাকার অভিজ্ঞতা, এবার সেসব বাংলাদেশ জাতীয় দলকে উজাড় করে দেবেন ৪৬ বছর বয়সী এই কোচ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে চুক্তি হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের চলমান কোচিং কাঠামোর সঙ্গে যোগ দেবেন তিনি। অর্থাৎ খুব শিগগিরই নতুন দায়িত্বে দেখা যাবে তাঁকে বাংলাদেশের ড্রেসিংরুমে।
তবে মাকেতা বাংলাদেশের ক্রিকেটে একেবারেই অচেনা কোনো নাম নন। বরং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘদিন ধরে প্রতিভা খুঁজে বের করা, তাদের তৈরি করা এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার কাজে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চতুর্থ স্তরের কোচিং সনদধারী মাকেতার কোচিং ক্যারিয়ার দুই দশকেরও বেশি সময়ের। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে। দায়িত্ব সামলেছেন অনূর্ধ্ব-১৯ দল এবং জাতীয় ক্রিকেট একাডেমিরও।
তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় অভিজ্ঞতাগুলোর একটি এসেছে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সঙ্গে। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রোটিয়াদের সহকারী কোচ ছিলেন মাকেতা। এই সময় আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন মঞ্চে দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এমনকি ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার কোচিং দলের অংশ ছিলেন তিনি।
তবে মাকেতার সবচেয়ে বড় শক্তি হয়তো তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অনেক তরুণ ক্রিকেটারকে প্রস্তুত করেছেন তিনি। জাতীয় ক্রিকেট একাডেমিতেও তাঁর কাজ ছিল একই ধরনের, প্রতিভাবান ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বাস্তবতার জন্য তৈরি করা। সেই লক্ষ্যেই বাংলাদেশে আগমন তার। কতটা সফল হবেন সেটা অবশ্য সময় বলবে।











