ফ্র্যাঞ্জাইজি লিগ মানেই পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ আর প্লে-অফে খেলার জন্য চিন্তা। সবশেষে সবারই তো লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হবে বলে। ফ্র্যাঞ্জাইজি লিগে কোনো সন্দেহ ছাড়াই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সবচেয়ে বড় নাম। আর এবারের আসর যেখানে অর্ধেকের বেশি শেষ হতে চলেছে, তারই সাথে পাল্লা দিয়ে বেড়েছে কোয়ালিফায়ারে জায়গা পাওয়ার লড়াই। আর সেখানেই সবাই নিতে যাচ্ছে ঘরের মাঠের সুযোগ।
বিশ্বের নানা প্রান্তে হতে থাকা ফ্র্যাঞ্জাইজি লিগগুলোর মধ্যে অনেকটিই হয় হোম-অ্যাওয়ে পদ্ধতি মেনে চলে। যেখানে প্রতিটি দল কিছু ম্যাচ খেলে বিপক্ষ দলের মাঠে গিয়ে আর কিছু ম্যাচে অন্য দলকে আতিথ্য দেয় নিজের ঘরে। আইপিএলও এই পদ্ধতিতে হয়ে থাকে। যেখানে ১৪ ম্যাচের অর্ধেক ম্যাচ ঘরে-বাইরের হিসাবে খেলে থাকে সবকটি দল।
প্রতিটি দলেরই এবারের আইপিএলে সিংহভাগ ম্যাচ খেলা শেষ হয়ে গেছে। বাকি আছে চার কিংবা পাঁচটি করে ম্যাচ। এই পর্যায়ে এসে তাই তো দলগুলোর মাথায় ঘুরছে প্লে-অফে যাওয়ার চিন্তা। গাণিতিকভাবে এখনো সবগুলো দলেরই সম্ভাবনা আছে শেষ চারে জায়গা করে নেওয়ার। আর, এই জায়গাতে এসেই আলাদা করে প্রভাব ফেলবে ঘরের মাঠে দলগুলোর পারফরম্যান্স।

এবারের আসরে সবচেয়ে ভালো ফলাফল করেছে এমন দলের কথা বলতে গেলে সবার আগে আসবে গতবারের দুই ফাইনালিস্টের কথা। আসরের একেবারে শুরু থেকেই শীর্ষ দুই স্থান দখল করে বসে আছে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দুই দলই ঘরের মাঠে ভালো খেলেছে। পাঞ্জাব চার ম্যাচের তিনটায় আর আরসিবি পাঁচবারের মধ্যে চার ম্যাচ জিতেছে ঘরের মাঠে।
পয়েন্ট টেবিলে যেসব দল খুব ভালো অবস্থায় নেই তাদের ফলাফল বিচার করতে গেলে একটা জিনিসই বিশেষ করে চোখে পড়বে, সেটা হলো ঘরের মাঠে তাদের পারফরম্যান্স। ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্স, কিংবা, ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স খুব বেশি স্মরণীয় কিছু করে দেখাতে পারেনি এবার, তাই তো হালে পানি পাচ্ছে না দলগুলো।
সমান ১২ পয়েন্ট করে তুলে নিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস আর গুজরাট টাইটান্সের ঘরের মাঠের রেকর্ড ভালো, যা তাদেরকে লড়াইয়ে এগিয়ে রেখেছে। এমনকি সমান পাঁচ ম্যাচ করে জেতা আর হারা চেন্নাই সুপার কিংসও চিপকে বেশ ভালো খেল দেখাতে পেরেছে এবারের আসরে।

বেশিরভাগ দলেরই এখন আর ঘরের মাঠে বাকি আছে দুই কিংবা তিনটি করে ম্যাচ। এগুলোতে ফলাফল নিজের দিকে আনা মানেই পাঞ্জাব কিংস কিংবা আরসিবির মতো দলের পক্ষে প্লে-অফের টিকেট পেয়ে যাওয়া, কিংবা, সিএসকে-দিল্লির জন্য আশা বাঁচিয়ে রাখা। ঘরের মাঠের এই অল্প ম্যাচগুলোই ঠিক করে দেবে কারা শেষ চারে লড়াই করবে ফাইনালে খেলার জন্য।










