চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মানেই এক মরণপণ দাবার চাল। যেখানে প্রতিপক্ষের সামান্য ভুল আর একজনের পায়ের জাদু গড়ে দেয় ইতিহাস। পিএসজির রাজকীয় উচ্চাকাঙ্ক্ষা বনাম বায়ার্নের রক্তক্ষয়ী ঐতিহ্য, কিংবা আর্সেনালের তরুণ তেজ বনাম অ্যাটলেটিকোর ইস্পাতকঠিন জেনোতত্ত্ব। ফুটবল দেবতারা যেন নিজের হাতে সাজাচ্ছেন এই মহানাটকের মঞ্চ।
সেমিফাইনালে যাদের পায়ের জাদু দলকে এনে দিতে পারে বুদাপোস্টের ফাইনাল টিকিট, সেই আলোচনাই থাকছে খেলা ৭১ এর এই আয়োজনে।
এবারের মৌসুমে বায়ার্ন মিউনিখের সাফল্যের অন্যতম কান্ডারি মাইকেল ওলিসে। তার ড্রিবলিং দক্ষতা এবং গোল তৈরির অসাধারণ ক্ষমতা তাকে ইউরোপের অন্যতম কার্যকর উইঙ্গারে পরিণত করেছে। বায়ার্নের শক্তিশালী আক্রমণভাগের অন্যতম মূল চালিকাশক্তি হিসেবে ওলিসে সেমিফাইনালে প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়াতে পারেন।

অন্যদিকে প্রতিপক্ষ পিএসজির মাঝমাঠের আসল স্থপতি হলেন ভিতিনহা। তার পাসিং পরিসংখ্যান কেবল বিস্ময়করই নয়, বরং ঐতিহাসিক। এক মৌসুমে ১,৩৭০টিরও বেশি সফল পাস দিয়ে তিনি দুই দশক আগের রেকর্ড ভেঙে দিয়েছেন। পিএসজির প্রতিটি আক্রমণ শুরু হয় তার পা থেকে।
আর্সেনালের রক্ষণভাগের দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ডেভিড রায়া। গোলবারের নিচে তার অবিশ্বাস্য ক্ষিপ্রতা গানার্সদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। এই আসরে এখন পর্যন্ত শট ঠেকানোর ক্ষেত্রে তিনি ৯০ শতাংশ সাফল্য দেখিয়েছেন, যা যেকোনো গোলরক্ষকের জন্য ঈর্ষণীয়। কোয়ার্টার ফাইনালে তার হাত ধরেই আর্সেনাল খাদের কিনারা থেকে ফিরে এসেছে।
তবে রায়াকে চ্যালেঞ্জ জানাতে দিয়াগো সিমিওনের ডেরায় প্রস্তুত জুলিয়ান আলভারেজ। মাঠজুড়ে তার বিরামহীন দৌড় আর রক্ষণে সাহায্য করার মানসিকতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে। চলতি আসরে নয়টি গোল করে তিনি ইতোমধ্যেই অ্যাটলেটিকোর হয়ে ইতিহাস গড়েছেন।

সেমিফাইনালের মতো মঞ্চে সবচেয়ে বাড়তি নজর থাকবে হ্যারি কেইনের অভিজ্ঞতার আর ফর্মের উপর। ৪৫ ম্যাচে ৫৩ গোলের অবিশ্বাস্য এক পরিসংখ্যান নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন শ্রেষ্ঠত্বের শিখরে। কেইনের জন্য এটি কেবল একটি ট্রফি জেতার লড়াই নয়, বরং আজন্ম লালিত সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ। তার অতিমানবীয় ফর্ম যদি সেমিফাইনালেও অটুট থাকে, তবে বায়ার্ন মিউনিখকে থামানো কার্যত অসম্ভব হয়ে পড়বে।
এছাড়াও অ্যাটলেটিকোর রক্ষণভাগ আগলে প্রতিপক্ষের অ্যাটাক থামিয়ে দেওয়ার দায়িত্ব থাকবে মাত্তেও রুগেরির উপর।বায়ার্নের মিডফিল্ড জেনারেল জশুয়া কিমিচ, পিএসজির আশরাফ হাকিমি এবং ড্রিবলিংয়ের শিল্পী কভারাতসখেলিয়াও ওত পেতে আছেন প্রতিপক্ষের ভুল ধরার অপেক্ষায়।











