অর্থ নয়, কামিন্স-হেডের কাছে দেশের জার্সিই বড়!

ক্রিকেটের ব্যস্ত যুগে একের পর এক তারকা খেলোয়াড় জাতীয় দলের দায়িত্ব ছেড়ে টি-টোয়েন্টি লিগের মোহে পা বাড়াচ্ছেন, সেখানে ব্যতিক্রমী নজির গড়লেন দুই অস্ট্রেলিয়ান তারকা—প্যাট কামিন্স ও ট্রাভিস হেড।

ক্রিকেটের ব্যস্ত যুগে একের পর এক তারকা খেলোয়াড় জাতীয় দলের দায়িত্ব ছেড়ে টি-টোয়েন্টি লিগের মোহে পা বাড়াচ্ছেন, সেখানে ব্যতিক্রমী নজির গড়লেন দুই অস্ট্রেলিয়ান তারকা—প্যাট কামিন্স ও ট্রাভিস হেড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ১০ মিলিয়ন ডলারের বিশাল প্রস্তাব পেয়েও তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন—অস্ট্রেলিয়ার জন্য খেলাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানা যায়, একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির যৌথ একটি গ্রুপ কামিন্স ও হেডকে প্রস্তাব দিয়েছিল পূর্ণসময়ের ভিত্তিতে টি-টোয়েন্টি লিগে খেলার জন্য। চুক্তি অনুযায়ী, জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিলে প্রতি বছর ১০ মিলিয়ন ডলার করে পারিশ্রমিক পেতেন দুজনই। কিন্তু সেই অর্থলোভনীয় প্রস্তাবে রাজি হননি সময়ের দুই সেরা অজি তারকা।

বর্তমানে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ক্রিকেটাররা বার্ষিক চুক্তিতে পান প্রায় ১৫ লাখ ডলার। অধিনায়ক হিসেবে অতিরিক্ত ভাতা মিলে কামিন্সের আয় দাঁড়ায় প্রায় ৩০ লাখ ডলার। এছাড়া আইপিএলে দুজনই মোটা অঙ্কের চুক্তিতে খেলেন।অর্থাৎ বোর্ডের চুক্তি ও আইপিএল মিলিয়ে তাঁদের বার্ষিক আয় কম নয়, তবু বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে আর্থিক ঝড় বইছে, তার তুলনায় এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক।

অবশ্য এটা নতুন কিছু নয়, আগেও এমন লোভনীয় সব প্রস্তাব পেয়েছেন আরও তারকা ক্রিকেটাররা। ২০২৩ সালে ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার-কে মুম্বাই ইন্ডিয়ান্স প্রস্তাব দিয়েছিল প্রায় ৭.৫ মিলিয়ন ডলারের—যদি তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে পুরো বছর শুধু তাদের হয়ে খেলেন। কিন্তু আর্চারও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

অনেকে এই প্রস্তাবের ফাদে পাও দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন কিংবা ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন।

তবু কামিন্স ও হেডের মতো তারকাদের সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে এক অন্যরকম বার্তা দিয়েছে—দেশের জার্সি, দেশের গর্বের জায়গাটা এখনও অর্থের ঊর্ধ্বে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link