জিম্বাবুয়ে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিলগ্নেই ভারতীয় শিবিরে ঘনিয়ে এলো এক দুঃসংবাদ। বাবার অসুস্থতার কারণে হঠাৎ বাড়ি ফিরতে হচ্ছে রিঙ্কু সিংকে। আর তার এই প্রস্থানই এখন সাঞ্জু স্যামসনের জন্য খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার।
চলতি টুর্নামেন্টে রিঙ্কু সিংয়ের ব্যাটটা ঠিক তার চেনা ছন্দে নেই। গ্রুপ পর্বের ৪ ম্যাচে সংগ্রহ ছিল যথাক্রমে ৬, ১, অপরাজিত ১১ এবং অপরাজিত ৬। এমনকি দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের শোচনীয় হারের ম্যাচেও তিনি ফিরেছিলেন শূন্য হাতে। ফর্মহীনতার সাথে সাথে তার এই ব্যাক্তিগত প্রস্থানে নতুন কাউকে নিয়েই ভাবতে হচ্ছে নির্বাচকদের।
স্বাভাবিকভাবেই উঠে আসছে একাদশের বাইরে থাকা সাঞ্জু স্যামসনের নাম। অনুশীলনে কোচ গৌতম গম্ভীরের কড়া নজরেই ছিলেন স্যামসন। নেটে মোহাম্মদ সিরাজ ও আর্শদ্বীপ সিংদের শর্ট লেন্থের ডেলিভারিগুলোকে যেন অবলীলায় পুল করে গ্যালারিতে পাঠাচ্ছিলেন তিনি।

স্পিনের বিরুদ্ধেও সাঞ্জু ছিলেন সাবলীল। বরুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিনকে মিডউইকেট দিয়ে ছক্কায় ওড়ানোর দৃশ্য বলে দিচ্ছিল – চেন্নাইয়ের ধীরগতির পিচে তার ওপর ভরসা করা যেতেই পারে। সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের বিশেষ তত্ত্বাবধানেও দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন সাঞ্জু।
টানা দুই ম্যাচ ডাগআউটে বসে থাকা অক্ষর প্যাটেলকেও নেটে বেশ চনমনে দেখা গেছে। চিপকের যে পিচে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ হয়েছিল, সেই কালো মাটির পিচেই ভারত-জিম্বাবুয়ে লড়াই হতে পারে। পিচে টার্ন খুব বেশি না থাকলেও গ্রিপ করার সুযোগ থাকবে, যা অক্ষরের মতো স্পিনারদের জন্য আশীর্বাদ।
জিম্বাবুয়ের বিপক্ষে এই বাঁচা-মরার লড়াইকে সামনে রেখে স্কোয়াডে দুইটি পরিবর্তন আনতে পারে ভারত। সেক্ষেত্রে রিঙ্কুর পরিবর্তে সাঞ্জু এবং ওয়াশিংটন সুন্দর কিংবা শিবম দুবের পরিবর্তে অক্ষর প্যাটেলকে মাঠে নামতে দেখা যাবে।











