পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ময়দানে আবারও যুদ্ধের দামামা। একদিকে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পেশোয়ার জালমি, অন্যদিকে বদলে যাওয়া এক নতুন ইসলামাবাদ ইউনাইটেড। এবারের আসরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যেমন আছেন বাবর আজম, তেমনি কঠিন পরীক্ষার মুখে শাদাব খান ও ইমাদ ওয়াসিম।
পেশোয়ার জালমি মানেই ছিল ধারাবাহিকতার প্রতিচ্ছবি। গত নয়টি আসরের প্রতিটিতেই প্লে অফে খেলা এবং টানা তিনবার ফাইনালের মঞ্চ মাতানো দলটি গত বছর যেন একপ্রকার নিজেদের হারিয়েই ফেলেছিল। ২০২৫ সালের সেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ক্ষত মুছতেই এবার মাঠে নামছে বাবর আজমের দল। রেকর্ড ৭০ মিলিয়ন রুপিতে ধরে রাখা বাবরই থাকছেন নেতৃত্বের ব্যাটন হাতে।
জালমির মূল শক্তি এবার তাদের ভারসাম্যপূর্ণ অলরাউন্ড বিভাগ। অ্যারন হার্ডি, মাইকেল ব্রেসওয়েল, ইফতিখার আহমেদ এবং আমির জামালরা যেকোন কন্ডিশনে প্রতিপক্ষকে চেপে ধরতে সক্ষম। লাহোরের রানের পাহাড়ে যেমন হার্ডি-জামালরা কার্যকর, তেমনি করাচির ঘূর্ণি উইকেটে ব্রেসওয়েল ও ইফতিখার হতে পারেন তুরুপের তাস।

এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কাঁপানো আব্দুল সুবহান, আলী রাজা এবং অধিনায়ক ফারহান ইউসুফদের মতো তরুণ তুর্কিরা দলটিকে দিয়েছে বাড়তি প্রাণশক্তি। তবে দলের অধিনায়ক বাবর আজমের ফর্মই এখন ফ্র্যাঞ্চাইজিটির জন্য বড় দুশ্চিন্তার কারণ।
অন্যদিকে পিএসএল ইতিহাসের সফলতম দল ইসলামাবাদ ইউনাইটেড। গতবার উড়ন্ত সূচনা করেও পথ হারিয়েছিল। টানা পাঁচ জয়ের পর ছন্দপতন এবং শেষ পর্যন্ত কোয়ালিফায়ারে বিদায় – সব মিলিয়ে দলটির ‘রোটেশন পলিসি’ নিয়ে উঠেছিল নানাবিধ প্রশ্ন। তারপরেই দলটিকে এক প্রকার ঢেলে সাজানো হয়েছে।
ইউনাইটেডের আক্রমণে এবার আছে একঝাঁক বৈচিত্র্যময় পেসার। সালমান মির্জা, হাসনাইন ও ফাহিম আশরাফরা যেমন নতুন বলে সুইং করাতে পটু, তেমনি ডেথ ওভারে গ্লিসন ও এরশাদের ইয়র্কার প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। বিশেষ করে ফাহিম আশরাফের অলরাউন্ড ফর্ম এবং যেকোন পজিশনে ব্যাটিং করার ক্ষমতা দলটিকে বাড়তি ভারসাম্য দিবে। দলের অন্যতম দুই স্তম্ভ হিসেবে রয়েছে শাদাব খান ও ইমাদ ওয়াসিম।

সব মিলিয়ে এবারের পিএসএল কেবল চার-ছক্কার টুর্নামেন্ট নয়, বরং এটি অনেক বড় বড় তারকাদের ক্যারিয়ারের ভাগ্যনির্ধারক হয়ে উঠতে পারে। একদিকে জালমির জার্সি গায়ে বাবর আজম কি পারবেন নিজেকে নতুন করে চেনাতে? নাকি তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে ইসলামাবাদ ইউনাইটেড আবারও উড়িয়ে দেবে তাদের বিজয়ী নিশান? উত্তরটা তোলা থাকল ২২ গজের লড়াইয়ের জন্যই। ক্রিকেটপ্রেমীরা এখন প্রহর গুনছেন এক মহাকাব্যিক লড়াইয়ের।











