আতাপাত্তুর জাদুতে কি ফের ইতিহাস গড়বে শ্রীলংকা?

টানটান একটা ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। রোববার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত আর শ্রীলংকা, ঠিক যেন দুই বছর আগের এশিয়া কাপ ফাইনালের কার্বন কপি। প্রশ্ন একটাই, চামারি আতাপাত্তু কি আবার পারবেন ট্রফি তুলে ধরতে? দুর্দান্ত ফর্মে থাকা ভারতকে হারিয়ে এশিয়ার সেরাদের মুকুট আবারও নিজেদের কাছে রেখে দিতে।

টানটান একটা ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। রোববার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত আর শ্রীলংকা, ঠিক যেন দুই বছর আগের এশিয়া কাপ ফাইনালের কার্বন কপি। প্রশ্ন একটাই, চামারি আতাপাত্তু কি আবার পারবেন ট্রফি তুলে ধরতে? দুর্দান্ত ফর্মে থাকা ভারতকে হারিয়ে এশিয়ার সেরাদের মুকুট আবারও নিজেদের কাছে রেখে দিতে।

২০২৪ সালে ড্যাম্বুলায় এই ভারতকেই ৮ উইকেটে হারিয়েছিল শ্রীলংকা। ১৬৬ রানের লক্ষ্যে নেমে আতাপাত্তুর ৬১ রানের ইনিংস দলকে পথ দেখিয়েছিল, পরে হার্শিতা সামারাবিক্রমা আর কাবিশা দিলহারি মিলে কাজ শেষ করেন। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন আতাপাত্তু নিজেই। প্রথমবার এশিয়া কাপ জিতে ইতিহাস গড়েছিল শ্রীলংকা।

এবার গল্পটা যেন আরও আকর্ষনীয়। ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৫ রান দিয়ে ৭ উইকেট, সঙ্গে একটা হ্যাটট্রিক, দুই লাইনে শেষ করা যায় না আতাপাত্তুর এই কীর্তি। এশিয়া কাপের ইতিহাসে ছেলে বা মেয়ে যে কোনো সংস্করণেই এত ভালো বোলিং ফিগার আগে কেউ দেখাতে পারেননি। নারী টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা প্রথম শ্রীলংকান নারী ক্রিকেটারও এখন তিনি।

পুরো আসরে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৯টায়, টুর্নামেন্ট সেরা তালিকায় আছেন দুই নম্বরে। শীর্ষে শুধু ভারতের দীপ্তি শর্মা, ১১ উইকেট নিয়ে।  যে কোন মুহুর্তে ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষ্মতাও রাখেন তিনি।ব্যাট আর বল, দুই জায়গাতেই এমন ফর্মে থাকা একজন অধিনায়ক প্রতিপক্ষের জন্য মাথাব্যথা হয়েই থাকবেন।

কিন্তু পরিসংখ্যান পুরোপুরি শ্রীলংকার পক্ষে নেই। টি-টোয়েন্টিতে দুই দলের ৩১ বারের মুখোমুখো লড়াইয়ে ভারত এগিয়ে ২৫ বার জিতে , শেষ চার সাক্ষাতেও জিতেছে তারাই। সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে আসা হারমানপ্রিত কৌরের দল এবার তাকিয়ে রেকর্ড অষ্টম শিরোপার দিকে। ওদিকে শ্রীলংকাও কম যায় না, পুরো আসরে অপরাজিত থেকে সেমিফাইনালে  পাকিস্তানের সাথে তুমুল লড়াই করে ফাইনালে এসেছে তারা।

শেষমেশ লড়াইটা দাঁড়াবে অভিজ্ঞতা বনাম মোমেন্টামের। দুই বছর আগে ব্যাট হাতে একাই ম্যাচের রং বদলে দিয়েছিলেন আতাপাত্তু। এবার তার হাতে বলও আছে। বয়স এখন ৩৬ ছুঁইছুঁই, ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় এসেও কি আরও একবার এশিয়ার মঞ্চে নিজেকে সেরা প্রমাণ করে ফাইনালের ট্রফিটা উঁচিয়ে ধরতে পারবেন চামারি আতাপাত্তু? রোববারের ম্যাচেই মিলবে তার উত্তর।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link