হলুদ সাম্রাজ্যের নব দিগন্ত

চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম মানেই এক মায়াবী হলুদ সমুদ্র। কিন্তু গত দুটি মৌসুম সেই সমুদ্রে যেন জোয়ার আসেনি, প্লে-অফের বন্দরে পৌঁছানোর আগেই থমকে গেছে মহেন্দ্র সিং ধোনির হলুদ তরী। ২০২৬ আইপিএল এর প্রাক্কালে দাঁড়িয়ে প্রশ্ন এখন, চেন্নাই সুপার কিংস কি পারবে তাদের সেই চিরচেনা 'অজেয়' তকমা পুনরুদ্ধার করতে?

চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম মানেই এক মায়াবী হলুদ সমুদ্র। কিন্তু গত দুটি মৌসুম সেই সমুদ্রে যেন জোয়ার আসেনি, প্লে অফের বন্দরে পৌঁছানোর আগেই থমকে গেছে মহেন্দ্র সিং ধোনির হলুদ তরী। ২০২৬ আইপিএল এর প্রাক্কালে দাঁড়িয়ে প্রশ্ন এখন, চেন্নাই সুপার কিংস কি পারবে তাদের সেই চিরচেনা ‘অজেয়’ তকমা পুনরুদ্ধার করতে?

এবারের সিএসকে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে রবীন্দ্র জাদেজার মতো মহীরুহের বিদায়ে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা, অন্যদিকে রুতুরাজ গায়কোয়াডের শান্ত নেতৃত্বের পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্বজয়ী নক্ষত্র সাঞ্জু স্যামসন। অধিনায়ক রুতুরাজ গতবারের চোট কাটিয়ে ফিরেছেন চেনা ছন্দে। আর ৪৪ বছর বয়সেও এমএস ধোনি যেন এক অবিনশ্বর বাতিঘর, যার উপস্থিতিতেই ড্রেসিংরুম পায় জয়ের আত্মবিশ্বাস।

চেন্নাই বরাবরই ছিল মন্থর বিষে নীল করা দাবার চালের মতো এক দল। কিন্তু ২০২৬ এর প্রেক্ষাপট ভিন্ন। আধুনিক টি-টোয়েন্টি বিপ্লবের প্রেক্ষিতে চিপকের পিচ এখন আর আগের মতো ধীরগতির নেই। তাই স্টিফেন ফ্লেমিংয়ের রণকৌশলেও এসেছে আমূল পরিবর্তন। গতানুগতিক রক্ষণের বদলে এবার শুরু থেকেই ঝোড়ো ব্যাটিংয়ের পথে হাঁটতে চায় দলটি। সাঞ্জু স্যামসন ও আয়ুষ মাত্রের উদ্বোধনী জুটির পর তিনে গায়কোয়াড এই ত্রিমূর্তিই হবে প্রতিপক্ষের ত্রাস। সাথে থাকছেন ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস এবং ভারতীয় হার্ড হিটার শিভাম দুবে।

পেস আক্রমণে এবার সিএসকে ভরসা রেখেছে ম্যাট হেনরি এবং নাথান এলিসের আন্তর্জাতিক অভিজ্ঞতার ওপর। নতুন বলে হেনরির ছোবল আর ডেথ ওভারে এলিসের বৈচিত্র্যই হবে চেন্নাইয়ের তুরুপের তাস। স্পিন বিভাগে আফগান বিষ নূর আহমদের পাশে থাকছেন কার্তিক শর্মা ও প্রশান্ত বীরের মতো তরুণ তুর্কিরা, যাদের ওপর ফ্র্যাঞ্চাইজি অকাতরে অর্থ ঢেলেছে।

সব মিলিয়ে চেন্নাইয়ের ব্যাটিংটাই এখন তাদের শক্তিমত্তা। বিশেষ করে সুবিশাল ব্যাটিং গভীরতা। ওপেনিং থেকে শুরু করে একদম আট নম্বর পর্যন্ত স্বীকৃত ব্যাটারদের উপস্থিতি দলকে ভয়হীন ক্রিকেট খেলার লাইসেন্স দিচ্ছে। অন্যদিকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনভিজ্ঞ বোলিং লাইন আপ।খলিল আহমেদের মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলা বা ডেথ ওভারে বিকল্প বোলিং অপশনের অভাব সিএসকের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে।

মোদ্দা কথায়, অতীতের গৌরব আর ভবিষ্যতের হাতছানি। এই দুইয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছে ২০২৬ এর চেন্নাই সুপার কিংস। অভিজ্ঞতার ঝুলি আর তারুণ্যের উন্মাদনা মিলে কি আবারও হলুদে রাঙাবে আইপিএল ট্রফি? উত্তরের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link